
শেষ আপডেট: 27 July 2023 12:58
দ্য ওয়াল ব্যুরো: ভিনগ্রহীদের যান রয়েছে আমেরিকায়? সংরক্ষিত রয়েছে ভিনগ্রহীদের দেহ? মার্কিন গোয়েন্দা আধিকারিকের এমন চাঞ্চল্যকর দাবিতে হইচই পড়ে গেছে বিশ্বজুড়ে।
আমেরিকার আকাশে ইউএফও (UFO) বা ভিনগ্রহীদের যান আগেও দেখা গেছে বলে দাবি করেন অনেকে। সে নিয়ে চর্চা কম হয়নি। এবার মার্কিন বায়ুসেনার প্রাক্তন মেজর ও গোয়েন্দা আধিকারিক ডেভিড গ্রাস ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির সামনে দাঁড়িয়ে দাবি করেছেন যে, মার্কিন সরকারের কাছে এলিয়ানদের যান বা স্পেসক্রাফ্ট (Spacecraft) রয়েছে। এমনকী তিনি এও দাবি করেছেন যে মার্কিন সরকারের কাছে এমন দেহ সংরক্ষিত রয়েছে যা মানুষের নয়। ভিনগ্রহীদের উপস্থিতির তথ্য লুকোনো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। রিপাবলিকানদের নেতৃত্বে ওভারসাইট কমিটি তাঁর দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।
এলিয়ান বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কে জনমানসে আগ্রহ বা কৌতুহলের শেষ নেই। অন্য গ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা, থাকলেও কী রকম দেখতে তাদের— সবকিছু নিয়েই প্রশ্ন রয়েছে।অনেকে বলেন, এখনও পৃথিবীর বুকে রয়েছে ভিনগ্রহীরা। কোথায় রয়েছে? অনেকেরই দাবি, সেই জায়গা ‘এরিয়া ৫১’।
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান ‘এরিয়া-৫১’, আমেরিকা কী লুকিয়ে রেখেছে সেখানে!

এরিয়া ৫১ হল পশ্চিম আমেরিকার নেভাদা মরুভূমির একটি অংশ। লাস ভেগাস থেকে ৮৩ কিলোমিটার দূরে এই জায়গা নিয়ে কৌতুহলের শেষ নেই। কানাঘুষো শোনা যায়, এই জায়গায় নাকি ভিনগ্রহীদের যান ওঠানামা করে। এরিয়া ৫১-এ ইউএফও দেখা যায়, এমন কাহিনিও প্রচলিত আছে। কাহিনিগুলি কতটা সত্যি, কতটা মিথ্যে তা জানা না গেলেও আমেরিকার সেনাবাহিনী যে সব সময় এই জায়গাটিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চায়, তা স্পষ্ট হয়েছে বহু বার।
আরও পড়ুন: দুষ্টু প্রোটিন কুড়মুড়িয়ে খায় সুস্থ কোষ, ফালাফালা করে জিন, কীভাবে ক্যানসার ছড়ায় শরীরে
এরিয়া ৫১ নিয়ে প্রথম জল্পনা শুরু হয় ১৯৪৭ সালে রোসোয়েল বিমান দুর্ঘটনার পর। শোনা যায় এই প্লেনের চালক ছিল ভীনগ্রহীরা। অনেকের মতে আবার, সে দিন প্লেন নয়, উড়েছিল স্পেসশিপ। ভিতরে ছিল নাজিদের গবেষণাগারে তৈরি অদ্ভুত চেহারার ‘মানুষের মতো’ এক প্রাণী। যদিও সরকারের তরফে জানানো হয়, গুপ্তচর সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি) ১৯৫৫ সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গায় ঘাঁটি তৈরি করে। প্রজেক্টের নাম দেওয়া হয় 'অ্যাকোয়াটোন'। মার্কিন সরকারের দাবি এরিয়া ৫১ আসলে সামরিক ঘাঁটি, কিন্তু সেখান থেকে যে স্পেসক্রাফ্ট উড়েছিল তাকে ইউএফও বলে দাবি করা হয়েছিল সেই সময়। বাণিজ্যিক বিমানের পাইলটরা দাবি করেছিলেন, এত উঁচু দিয়ে কোনও সাধারণ বিমানের ওড়া সম্ভব নয়। তাহলে সেগুলি কী ছিল সে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছে।