
শেষ আপডেট: 12 July 2022 13:13
দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে শিবসেনা এবং উদ্ধব ঠাকরে (Uddhav Thackrey)। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে উদ্ধব ঠাকরে আজ ঘোষণা করলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর দল এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মুকে সমর্থন করবে (Presidential Election)।
শিবসেনা এর আগে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) শুধু সমর্থন জানায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ারের ডাকা প্রার্থী বাছাই বৈঠকে উপস্থিত ছিল তারা। কিন্তু আজকের ঘোষণায় উদ্ধবের শিবসেনা এবং কংগ্রেস ও এনসি জোটের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ল।
দলের একাংশের বক্তব্য, পার্টিতে নিজের রাশ ধরে রাখতে উদ্ধব ঠাকরের সামনে মত বদল করা ছাড়া উপায় ছিল না। বিজেপির চালে সদ্য মুখ্যমন্ত্রিত্ব খুঁইয়েছেন তিনি। দলের ৩৮ জন বিধায়ক যোগ দিয়েছেন একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে।
বিধায়কদের পর বিদ্রোহের ইঙ্গিত মেলে সাংসদদের দিক থেকেও। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে শিবসেনার ২২ জন সাংসদ।
গতকাল উদ্ধব সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে শিন্ডে শিবিরে নাম লেখানো ছয় সাংসদ অনুপস্থিত ছিলেন। বাকিরা উদ্ধবের প্রতি আস্থা প্রকাশ করেও বলেন, দ্রৌপদীকে দল যেন সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁদের বক্তব্য, দ্রৌপদী দেশের প্রথম মহিলা জনজাতি রাষ্ট্রপতি প্রার্থী। মহারাষ্ট্রে বাসিন্দাদের ১০ শতাংশ আদিবাসী। ফলে দ্রৌপদীকে সমর্থন করাই রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হবে। উদ্ধব এই প্রস্তাব মেনে নিয়েছেন।
কিন্তু এরপর কী?
গতমাসে একনাথ শিন্ডে অনুগত বিধায়কদের নিয়ে গুয়াহাটির হোটেলে পৌঁছেও বারে বারে উদ্ধবকে বার্তা দিয়েছেন, তিনি কংগ্রেস ও এনসিপি-র হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট করলে সব বিবাদ মিটে যাবে। কিন্তু উদ্ধব তখন সেই প্রস্তাবে সাড়া দেননি। ফলে হাতছাড়া হয়েছে সরকার।
সূত্রের খবর, এখন দলের রাশও ক্রমশ আলগা হতে থাকায় তিনি বিদ্রোহীদের সঙ্গে বোঝাপড়ার রাস্তায় হাঁটতে চাইছেন। যদিও উদ্ধব শিবিরের নেতা সাংসদ সঞ্জয় রাউতের বক্তব্য, দ্রৌপদীকে সমর্থন করা মানে বিজেপির হাত ধরা নয়। দ্রৌপদী (Droupadi Murmu) এনডিএ প্রার্থী।
তবে ওয়াকিবহাল মহল মনে করছে, দল রাখতে উদ্ধবের মহারাষ্ট্র বিকাশ আগাড়ি ছেড়ে বেরিয়ে আসা ছাড়া উপায় তেমন নেই। বিধায়ক ও সাংসদেরা বিদ্রোহ করলেও এখনও পর্যন্ত দলের পদাধিকারীরা সঙ্গে আছে। কিন্তু কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে।
গুজরাত, হিমাচলে দলকে ক্ষমতায় ফেরাতে দুই মুখ্যমন্ত্রীকে ক্যাপ্টেন করল কংগ্রেস