
শেষ আপডেট: 4 July 2022 11:40
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ক্যাব (Online cab) বুকিং অ্যাপে গাড়ির ভাড়া দেখে, গাড়ি করে বাড়ি যাওয়ার থেকে প্লেনে করে গোয়া চলে যাওয়াই ভাল মনে হচ্ছে। ৫০ কিলোমিটার যাওয়ার জন্য উবার অ্যাপে গাড়ি বুক করেছিলেন সুবর্ণ। ৫০ কিলোমিটারের ভাড়া দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ ! উবার (Uber fare) গো-তে ভাড়া ৩০৪১ টাকা, প্রিমিয়ার ৪০৮১, এক্সএল ৫৪৬৯ টাকা। ভাবা যায়! ৫০ কিলোমিটার যেতে ৩০০০ টাকার নীচে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না।

মুম্বইয়ের বাসিন্দা সুবর্ণ জানিয়েছেন, এই দূরত্ব গাড়িতে যেতে তার প্রতিদিন কমবেশি ৮০০ থেকে ১০০০ টাকা খরচ হয়। বৃষ্টির জল জমতেই সেই ভাড়া ৩ থেকে ৫ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। উবার বুকিং অ্যাপের ভাড়ার সেই পেজের স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করে সুবর্ণ লিখেছেন, ‘এই ভাড়াতে অফিস থেকে বাড়ি যাওয়ার থেকে ফ্লাইটে গোয়া চলে যাওয়া ভাল’।
এ সমস্যা শুধু মুম্বইয়ের নয়, কলকাতাতেও একই হাল। এই ধরনের অনলাইন ক্যাব বুকিং অ্যাপ আসার পর থেকে মানুষের যাতায়াতে খুব সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সব অ্যাপগুলিতে গাড়ির যা ভাড়া হয়ে দাঁড়িয়েছে তা দেখে প্রায় প্রতিদিনই কলকাতা শহরে গাড়ি বুক করার আগে একবার করে ঢোঁক গিলতে হয় মধ্যবিত্ত বাঙালিকে। তাতে যদি শহর জুড়ে কোনও মিছিল থাকে, জ্যাম হয় বা বৃষ্টি নামে, তাহলে তো কথাই নেই। মোটামুটি যা ভাড়া হওয়ার কথা তার থেকে কম করে ৩০ থেকে ৫০ শতাংশ ভাড়া বেশি দেখায়।
ইদানীং এত ভাড়া বেড়ে যাওয়া সত্ত্বেও ক্যাবচালকদের কিন্তু কোনও লাভ হচ্ছে না বলেই জানিয়েছেন তাঁরা। কারণ এখন এই সমস্ত ক্যাব অ্যাপ কোম্পানি আগের থেকে অনেক বেশি পরিমাণে কমিশন কেটে নিচ্ছে ক্যাব চালকদের কাছ থেকে। তাই অতিরিক্ত ভাড়াতে সমস্যাই ভুগতে হচ্ছে চালক থেকে যাত্রী সকলকেই।
ক্যাব বুকিংয়ের দুই প্রধান সমস্যা নাজেহাল করে যাত্রীদের, সমাধান আনছে ওলা