দ্য ওয়াল ব্যুরো: আর বছর দু'য়েকের মধ্যেই দক্ষিণ মেরু থেকে হিমশৈল নিয়ে আসবে মরুভমির দেশ সংযুক্ত আরব আমিরশাহী। তা থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে সারা দেশে। বিশাল আয়তনের কোন হিমশৈল থেকে বেশ কিছুদিনের জন্যে দেশে মিটে যাবে পানীয় জলের সংকট।
ন্যাশনাল অ্যাডভাইসর ব্যুরো লিমিটেড নামে এক সংগঠন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, সমুদ্রের ওপর দিয়ে একটি হিমশৈলকে টেনে আনা হবে সংযুক্ত আরব আমিরশাহির উপকূলে। খরচ হবে পাঁচ থেকে ছ'কোটি ডলার। সব ঠিকঠাক থাকলে ২০২০ সালের শুরুর দিকেই হিমশৈলটি টেনে আনা যাবে।
কীভাবে টেনে আনা হবে এখনও জানানো হয়নি। কিন্তু সংশ্লিষ্ট কোম্পানি জানিয়েছে, আমরা চেষ্টা করছি যাতে খরচ কমানো যায়। সমুদ্রের ওপর দিয়ে টেনে আনার সময় যাতে হিমশৈল গলে না যায়, তারও ব্যবস্থা করা হচ্ছে। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার পার্থ উপকূল অথবা কেপ টাউন থেকে শুরু হবে প্রকল্পের কাজ।
হিমশৈল থেকে জল সরবরাহ ছাড়াও পর্যটনের ব্যবসা চালু করতে চায় ওই কোম্পানি। সারা বিশ্বে বহু মানুষই হিমশৈল দেখতে চান। তাঁদের বলা হবে, আপনাদের আর উত্তর বা দক্ষিণ মেরুতে যাওয়ার দরকার নেই। এবার আরবের উপকূলে এলেই হিমশৈল দেখতে পাবেন।