দ্য ওয়াল ব্যুরো: পাহাড় আর উপত্যকার মধ্য দিয়ে উড়ে চলেছে যাত্রীবাহী বিমান। ককপিটে রয়েছেন দুই পাইলট। দু’জনেই মহিলা। অন্য কর্মীরাও সকলেই মহিলা। টুইটারে পোস্ট হওয়া এমন ছবি দেখে হয়তো ততটাও অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু দেশটা যে পাকিস্তান! আর এই মহিলা পাইলটদের ছবি টুইট করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। টুইটটি প্রকাশের পরেই হাজার দশেক লাইক ও হাজার তিনেক রিটুইট হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানে প্রথম বারের মতো যাত্রিবাহী বিমান পরিচালনা করলেন মহিলারা। বিমানের দুই ক্যাপ্টেন ছিলেন মহিলা। বিমানের অন্য স্টাফেরাও মহিলা। টুইটটি ভাইরাল হওয়ার পরে রাতারাতি তারকা বনে যান দুই পাইলট, ক্যাপ্টেন মরিয়ম মাসুদ ও ফার্স্ট অফিসার শুমাইলা মাজ়হার।
গিলজিট ও হাঞ্জা নদীর সংযোগস্থলে গড়ে ওঠা পাকিস্তানের এক ছোট্ট শহর গিলজিট। চার দিকে পাহাড় ঘেরা শহরের মাঝে এক স্নিগ্ধ উপত্যকা। এক সময় সিল্ক রুটের এক প্রধান কেন্দ্র ছিল উত্তর পাকিস্তানের এই শহরটি। কিন্তু এখন গিলজিট নিয়ে সেই ফ্যান্টাসি আর নেই। বরং আছে খানিক ঝুঁকি। কারণ গিলজিট পৌঁছতে বেশ কঠিন এবং দুর্গম পথ পাড়ি দিতে হয়। আর এই ঝুঁকিপূর্ণ পথেই বিমান উড়িয়েছেন ক্যাপ্টেন মরিয়ম ও ফার্স্ট অফিসার শুমাইলা। কোনো রকম বাধা-বিপত্তি ছাড়াই তাঁরা রাজধানী ইসলামাবাদ থেকে গিলজিট হয়ে আবারও রাজধানীতে ফিরে যান।
গিলজিট পৌঁছতে ও বিমান অবতরণ করতে যে পাহাড়ি পথের মধ্যে দিয়ে যেতে হয়, তা যে বেশ ঝুঁকিপূর্ণ, সেটা জানিয়েছে পিআইএ নিজেই। সংস্থার তরফ থেকে একটি টুইটেই এমন বার্তা দেয়া হয়। বেশ কয়েক জন যাত্রীও ওই টুইটে জানিয়েছেন, মেঘলা আকাশ থাকা সত্ত্বেও কী ভাবে কোনো সমস্যা ছাড়াই সুন্দর উড়ান ছিল তাঁদের।