
শেষ আপডেট: 30 October 2022 14:17
দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, গাড়ির ভিতর থেকে টাকা চুরি করেছিল (theft) তারা। শাস্তি হিসেবে দুই নাবালককে (teenagers) প্রবল মারধর করার পর চলন্ত গাড়ির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হল (dragged behind van)।
বর্বরোচিত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। জানা গেছে, দুই নাবালকের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে এক ব্যবসায়ী বাড়ি থেকে টাকা চুরি করার অভিযোগ ওঠে। সূত্রের খবর, খণ্ডওয়ার এক ব্যবসায়ী ইন্দোরের দেবী অহল্যা বাই হলকার ফল এবং সবজি মার্কেটে গাড়িতে করে পেঁয়াজের বস্তা নিয়ে এসেছিল। ওই দুই কিশোরের বিরুদ্ধে তার গাড়ি থেকে নগদ টাকা চুরি করার অভিযোগ ওঠে।
ঘটনা সত্যতা যাচাই না করেই দুই কিশোরকে বেধড়ক মারধর করে ওই ব্যবসায়ী ও তার সঙ্গীরা। এরপর দুজনকে পায়ে দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বেঁধে গাড়ি চালিয়ে দেয় ওই ব্যবসায়ী।
শনিবার সকালে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ির সঙ্গে দুই কিশোরকে বেঁধে প্রকাশে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয় ওই অবস্থাতেই তাদের টাকা চুরির বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।
গাড়িটি বেশ কিছু দূর এভাবেই যাওয়ার পর উল্টোদিক থেকে একটি ট্রাক আসতে দেখে আশেপাশের লোকজন চিৎকার করতে শুরু করেন। তখন গাড়িটি থেমে যায়।
ঘটনার কথা জানতে পেরেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নিহিত উপাধ্যায়। তিনি জানিয়েছেন, ওই দুই কিশোরের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে তা অত্যন্ত আপত্তিকর। ভিডিওটি খতিয়ে দেখার পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল ওড়িশায়। ধার নেওয়া টাকা ফেরত দিতে না পারার অভিযোগে এক যুবককে চলন্ত স্কুটারের পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
মৃত্যু হয়েছে সন্তানের, বক্সার জঙ্গলে তাকে পরম মমতায় ‘সমাহিত’ করল হাতির দল