স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে দিনের পর দিন বেপরোয়া ভাবে চলছে ডাম্পার এবং বড় গাড়িগুলি। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের হস্তক্ষেপ নেই বললেই চলে।

দুর্ঘটানস্থলের ছবি। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 2 July 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর Road Accident)। মৃতদের একজন মহিষাদল থানার (Mahishadal PS) সেকেন্ড অফিসার এসআই জয়ন্ত ঘোষাল, অন্যজন সেখ সাহানা নামে এক মহিলা পুলিশকর্মী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ুঘাটা এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন এসআই জয়ন্ত ঘোষাল সহ তিন পুলিশকর্মীর একটি দল। সেই সময় হলদিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে পুলিশ বাহিনীর গাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড আঘাতে জিপটি রাস্তা ছেড়ে সোজা গিয়ে পড়ে পাশের জলাশয়ে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে, গাড়ির ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরোনোর সুযোগই পাননি।
স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও গাড়ির ভিতরে আটকে পড়েন তিনজনই। তাঁদের উদ্ধার করে দ্রুত মহিষাদল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জয়ন্ত ঘোষাল এবং শেখ সাহানাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশকর্মী চিকিৎসাধীন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহিষাদল থানায়। সহকর্মীদের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না থানার পুলিশকর্মীরা। ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে দিনের পর দিন বেপরোয়া ভাবে চলছে ডাম্পার এবং বড় গাড়িগুলি। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের হস্তক্ষেপ নেই বললেই চলে। তাঁদের মতে, পুলিশের গাড়িকেও যেভাবে ধাক্কা মেরে ডাম্পারটি পালায়, তাতে আরও একবার সামনে এল জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের হাল।