দ্য ওয়াল ব্যুরো: এনআরএস-এ কুকুর খুন কাণ্ডে দুই নার্সিং পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, মৌটুসী মণ্ডল ও সোমা বর্মন নামের দুই অভিযুক্ত জেরায় অপরাধ স্বীকারও করে নিয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জেরা করা হবে আরও বিস্তারিত ভাবে। ঠিক কী কারণে এমন ঘটাল তারা, তা এখনও নিশ্চিত নয়। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
এ দিন সকাল থেকেই পশুপ্রেমী সংগঠনগুলির বিক্ষোভ-অবস্থান চলছিল এন্টালি থানার সামনে। দুপুরে অভিযুক্তদের থানায় আনা হলে আরও বেশি ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

তবে ইতিমধ্যে সমস্যা বেড়েছে, গত দু'দিন ধরে সম্পূর্ণ অন্য দুই নার্সের ছবি কুকুর-খুনি হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায়। দীপা মণ্ডল এবং ঝর্ণা পুরকায়েত নামে ভাইরাল হয়েছে তাঁদের ছবি।
তবে ফেসবুকে ঝর্নার নামটি ভাইরাল হলেও, ঝর্না হিসেবে ছবি পোস্ট হয়েছে তাঁর এক বান্ধবীর।
ছবির দুই নার্সের অভিযোগ, নানা রকম হুমকি ও অশ্লীল কথা-সহ
তাঁদের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়েছে! মগরাহাটের বাসিন্দা, পেশায় নার্স ওই তরুণীর স্বামী আবদুর রহমান জানিয়েছেন এনআরএসে পড়াশোনা কিংবা কাজ করা তো দূরের কথা, কখনও পা-ও রাখেননি তাঁর স্ত্রী। তিনি মালদহে থেকে পড়াশোনা করেছেন, ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে কর্মরত আছেন। তবুও দিনভর হুমকি ফোন ও ফেসবুক পোস্টে অতিষ্ঠ হয়ে, বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছেন তাঁরা।
আবার ঝর্ণার সঙ্গেই দীপা মণ্ডল নামের আরও একটি মেয়ের যে ছবি এনআরএস মেডিক্যালের ঘটনায় দোষী বলে ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনিও ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর আসল নাম সঙ্গীতা বর্মন। তিনিও মালদহ মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন।
সঙ্গীতা বর্মন নিজে ফেসবুকে পোস্টও দিয়েছেন এই বিষয়ে। তিনি লিখেছেন, "ঝর্নাকে আমি চিনি। ঝর্না পুরকায়েত এখন ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিএসসি করছে। আর দীপা নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে বিএসসি করছে। ওরা কেউ এই মুহূর্তে এনআরএসের সঙ্গে যুক্ত নয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ, কোনও কিছু ভুল পোস্ট করার আগে একটু তার সত্যতা যাচাই করে নিন।"
দেখে নিন সঙ্গীতার সেই পোস্ট।
সোমবার সন্ধ্যাবেলাতেই সাদা পোশাকের মহিলা পুলিশের দল এনআরএস কলেজের হস্টেলে ঢুকে সাত ছাত্রীকে জেরা করেছিল। এনআরএস কর্তৃপক্ষের তরফেও ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। এনআরএসের সুপার সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ পুলিশের মতো তদন্ত করলেও হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা করে এই ঘটনার তদন্ত করবে।
[caption id="attachment_71037" align="aligncenter" width="1280"]

এন্টালি থানার সামনে বিক্ষোভ-জমায়েত।[/caption]