ফের বিপত্তি। মৌড়ীগ্রাম স্টেশনে (Mourigram Station) আবার দেখা গেল একই লাইনে দু'টি লোকাল ট্রেন (Local Train)। শুক্রবার দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার (Kharagpur) আপ লাইনে পরপর দাঁড়িয়ে থাকল দু'টি লোকাল টেন। যদিও একই লাইনের ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশন ছেড়ে পিছনের ট্রেনটিকে এগিয়ে যেতে দেখা যায়।

একই লাইনে দু'টি লোকাল
শেষ আপডেট: 23 May 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: ফের বিপত্তি। মৌড়ীগ্রাম স্টেশনে (Mourigram Station) আবার দেখা গেল একই লাইনে দু'টি লোকাল ট্রেন (Local Train)। শুক্রবার দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার (Kharagpur) আপ লাইনে পরপর দাঁড়িয়ে থাকল দু'টি লোকাল টেন। যদিও একই লাইনের ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশন ছেড়ে পিছনের ট্রেনটিকে এগিয়ে যেতে দেখা যায়।
এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। উল্লেখ্য, দক্ষিণ পূর্ব রেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি। তার মধ্যে এই ধরনের ঘটনা নিত্যযাত্রীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি করে।
এই একই ভাবে এক লাইনে দু'টি ট্রেন চলে আসার জেরে ঘটে করমণ্ডল রেলদুর্ঘটনার মতো ভয়াবহ ঘটনা। যার জেরে প্রাণ গিয়েছিল প্রায় ৩০০-এর বেশি যাত্রীর।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রেল দুর্ঘটনার (Rail Accident) সংখ্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) বলছে, গত দশ বছরে স্রেফ রেল দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ! অথচ দেশের প্রধান যোগাযোগের মাধ্যম রেল। ফলে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটলেও চাইলেও সাধারণ মানুষের পক্ষে রেলের মতো গণপরিবহণ এড়িয়ে যাওয়া অসম্ভব। সময়ের সঙ্গে প্রতিটি রুটে রেলযাত্রীর সংখ্যাও বাড়ছে। কিন্তু যাত্রী সুরক্ষা কি বেড়েছে?
সাম্প্রতিক অতীতে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হোক কিংবা উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা, প্রতিটি ক্ষেত্রেই সামনে এসেছে যাত্রী সুরক্ষার প্রশ্ন। অভিযোগ উঠেছে, রেলের গাফিলতি নিয়ে।
প্রতিবারই রেলের তরফে একটি যন্ত্র তথা প্রযুক্তির কথা বলা হয়েছে। তার নাম 'কবচ'। যে যন্ত্র দু'টি ট্রেনের মুখোমুখি সংঘাত বা পিছন থেকে এসে ধাক্কা মারার মতো ঘটনা রুখে দেবে। সরকারের তরফে ঘটা করে তার প্রচারও করা হয়েছিল। কিন্তু বাস্তবে এখনও তার কোনও কার্যকারিতা দেখা যায়নি বলেই দাবি রেলযাত্রীদের। হলে অন্তত একের পর এক রেল দুর্ঘটনা ঘটত না বলেই মত তাঁদের।