
শেষ আপডেট: 6 March 2023 06:11
দ্য ওয়াল ব্যুরো: চাকরির প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে ৪৩ বছর বয়সি মহিলাকে ওমানে (Oman) পাচার করে দিয়েছিল দুই 'এজেন্ট'। সেখানে মধুচক্রের (sex racket) কারবারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল তাঁকে। সেই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি মহারাষ্ট্রের ঠানের। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৩ বছর বয়সি ওই মহিলা একজন সিঙ্গল মাদার। একাই নিজের সন্তানকে মানুষ করতেন তিনি। একটি অনলাইন জব পোর্টালে চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে আবেদন করেছিলেন তিনি। এরপরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে পাচারকারীরা। লোভনীয় কাজের টোপ দিয়ে গত বছরের জুলাই মাসে ওমানে পাঠিয়ে দেওয়া হয় মহিলাকে।
ওমানে বিমান থেকে নামা মাত্রই তাকে একটি বাংলোয় নিয়ে যাওয়া হয়। ততক্ষণে মহিলা বুঝতে পেরেছেন, প্রতারিত হয়েছেন তিনি। মধুচক্রের কারবারীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে। সেখান থেকে পালানোর চেষ্টা করলে বেধড়ক মারধর করা হয় মহিলাকে। এক মাস বহু নির্যাতন সহ্য করার পর ১ লক্ষ ৬৫ হাজার টাকা ওমানের মধুচক্রের এজেন্টদের হাতে তুলে দেওয়ার পর তারা নির্যাতিতাকে ছেড়ে দেয়। অগস্ট মাসে ভারতে ফিরে আসেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, যে দুই অভিযুক্ত ওমানে পাঠিয়েছিল মহিলাকে, নভি মুম্বইতে একটি অফিস রয়েছে তাদের। মহিলাকে পাচার করার জন্য ওমানের মধুচক্রের মাথাদের থেকে তিন লক্ষ টাকা পেয়েছিল তারা। দেশে ফেরার পর নির্যাতিতা মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিসি রায়ে ফের দুই শিশুর মৃত্যু, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে