
বাঙুর হাসপাতাল।
শেষ আপডেট: 29 January 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: বধর্মানের পর এবার বাঙুর হাসপাতাল। চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে রোগীর পরিবারের দু'জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতের ওই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে চারু মার্কেটের এক বাসিন্দা হাত কাটা অবস্থায় হাসপাতালে হাজির হন। অভিযোগ, এমার্জেন্সিকে চিকিৎসা চলাকালীন ওই রোগী চিকিৎসককে 'চিকিৎসা পদ্ধতি' নিয়ে জ্ঞান দিতে শুরু করেন। চিকিৎসক তার প্রতিবাদ জানান।
অভিযোগ, এরপরই চিকিৎসককে মারধর করেন ওই রোগীর পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে রাতে হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রোগীর পরিবারের দু'জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজের ও হাসপাতালের অধীনে থাকা অনাময় হাসপাতালে চিকিৎসক ও পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল রোগীর পরিবারের লোকেদের বিরুদ্ধে। ঘটনায় চার পাঁচ জন পুলিশ কর্মী ও একজন চিকিৎসক আহত হন। পুলিশ ঘটনায় ন'জনকে গ্রেফতার করে।