বিজেপির অন্দরমহলে অবশ্য একটা অংশের মত, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে ঘেঁটে যাওয়া বা একাধিকবার তাঁর তৃণমূলে যোগদানের খবর হিরণকে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে। খড়্গপুর সদরে দিলীপের প্রত্যাবর্তন তাই অনেকটাই সহজ হয়েছে।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 16 March 2026 20:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সিপিএম এবং বিজেপি (BJP Candidate List 2026)। বিগত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে এ রাজ্যে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই হিসাবে তৃণমূলের আগেই সিপিএম বা বিজেপির এতবড় তালিকা প্রকাশ করে দেওয়াটা নজিরবিহীন বটে।
বিজেপি তাদের প্রথম দফার ভোটের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে বেশ কিছু চমক রয়েছে। প্রথমত এই প্রথম রাজ্যে বিজেপি একজনকে দু'টি আসনে প্রার্থী করল, যা এর আগে কোনও দিন করেনি। এমনকি রাজ্যের প্রথম সারির কোনও রাজনৈতিক দলই এর আগে একজনকে দু'টি আসন থেকে প্রার্থী করেনি। সেদিক থেকে দেখলে নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করে বেশ বড় রকম চমক দিয়েছে বিজেপি (BJP)। আরও একটি বিষয় হল, দু’জন সিটিং এমএলএ-কে টিকিট দিল না বিজেপি।
যে দু'জনকে বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকার বাইরে রেখেছে তাঁরা হলেন বালুরঘাট বিধানসভার বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ী। এদিন যখন দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে ঠিক তার আধ ঘণ্টা আগেই অশোক লাহিড়ীকে বিজেপির সল্টলেকের রাজ্য দফতরে বসে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায়। তখনও বোঝা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন এই প্রাক্তন আমলার নামই থাকছে না প্রথম তালিকায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় অশোক লাহিড়ীকে প্রার্থী করার সময়ই বিজেপির অন্দরে আলোচনা ছিল যে বিজেপি ক্ষমতায় এলে তিনিই হবেন রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী। এবার অর্থাৎ ২০২৬-এ বিজেপি যখন ধরেই নিয়েছে তারাই ক্ষমতায় আসছে, সেই সময় অশোক লাহিড়ীর জেতা আসনে তাঁকে প্রার্থী করা হল না। এখন বিজেপি তাঁকে দক্ষিণ বঙ্গে বা কলকাতার আশপাশে কোথাও প্রার্থী করার জন্য ভেবে রেখেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদি তেমন হয় তাহলে আলাদা কথা, নয় তো অশোক লাহিড়ীর নাম বাদ দেওয়া অবশ্যই চমকপ্রদ, সেটা বলাই যায়।
দ্বিতীয় যে নামটি আপাতত প্রথম তালিকায় নেই সেটি হল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণের বিধানসভা কেন্দ্র খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে একসময় এই কেন্দ্রেরই বিধায়ক দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি, প্রাক্তণ সাংসদ দিলীপ যে এবার ফের খড়্গপুর সদরে প্রার্থী হচ্ছেন সে কথা আগেই লিখেছিল 'দ্য ওয়াল'। সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল সে কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। এখন প্রশ্ন হল হিরণ কি একেবারেই বাদ পড়লেন? নাকি দিলীপ ঘোষকে তাঁর পুরনো আসন ফিরিয়ে দিয়ে হিরো হিরণকে অন্য কোনও আসনে দাঁড় করাবে বিজেপি। বিজেপির অন্দরমহলে অবশ্য একটা অংশের মত, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে ঘেঁটে যাওয়া বা একাধিকবার তাঁর তৃণমূলে যোগদানের খবর হিরণকে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে। খড়্গপুর সদরে দিলীপের প্রত্যাবর্তন তাই অনেকটাই সহজ হয়েছে।