
শেষ আপডেট: 8 July 2018 12:37
সূত্রের খবর, ছেলেগুলির খোঁজ পাওয়ার পরেও পৌঁছনো যাচ্ছিল না সেই অবধি। উদ্ধারকারী দলের সদস্যরা একটানা চেষ্টা চালিয়ে গিয়েছেন। ড্রিল যন্ত্র দিয়ে গুহার উপর থেকে ১০০টিরও বেশি চিমনি তৈরি করতে হয়েছে তাঁদের। যেহেতু গুহার ভিতরটা পুরোটাই জলমগ্ন, তাই বাইরে থেকে গুহায় ঢুকে ছেলেগুলিকে উদ্ধার করা এক রকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তা ছাড়া ডাইভিংয়ের যথেষ্ট প্রশিক্ষণও ছিল না ওই কিশোরদের। পৌঁছে দেওয়া হয়েছিল অক্সিজেন সিলিন্ডার। ক্রমাগত পাম্প করে চলছিল জল বার করার চেষ্টা।
গত মাসের ২৩ তারিখে তাইল্যান্ডের একটি কিশোর ফুটবল দলের সদস্যরা তাদের কোচের সঙ্গে দল বেঁধে ঘুরতে গিয়েছিল একটি গুহায়। আর সেখানেই তারা হড়কা বানে আটকে পড়ে হঠাৎ। প্রচণ্ড বৃষ্টির কারণে জল ঢুকে বন্যা হয়ে যায় গুহার ভিতরে। শনিবার তাইল্যান্ডে চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং ন্যাং নন কেভের এই ঘটনায় উদ্ধার কাজ শুরু হতেই লেগে গিয়েছিল কয়েক দিন। জলের মধ্যে ডুবে থাকা গুহাটিতে খোঁজ মেলা সম্ভব হচ্ছিল না আটকে পড়া কিশোরদের।
আরও পড়ুন: প্রকাশ্যে চুলের মুঠি ধরে মা-কে মারল ছেলে। ভাইরাল হল ভিডিও।
ন'দিন পরে মিলেছিল খোঁজ, জানা গিয়েছিল বেঁচে আছে তারা। তার পর থেকেই শুরু হয় উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা। ভিতরে ঢুকে উদ্ধার কাজ চালাতে গিয়ে অক্সিজেনের অভাবে মারাও যান উদ্ধারকারী দলের এক সদস্য। রবিবার প্রথমে বার করা হয় দু'জনকে। তার পরে আরও দু'জন উদ্ধার হয়।
পরবর্তী দফার উদ্ধারকাজ কিছু পরে ফের শুরু হবে বলে জানা গিয়েছে।
https://twitter.com/TNAMCOTEnglish/status/1015958330823471104