দ্য ওয়াল ব্যুরো: নোবেল লরিয়েট ও অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের দু-দু'টি ফেক অ্যাকাউন্ট ডিলিট করলেন টুইটার কর্তৃপক্ষ।
সূত্রের খবর, মঙ্গলবারই অভিজিৎবাবু টুইটারকে জানিয়েছিলেন, তাঁর নাম করে এবং ছবি দিয়ে অন্তত দু'টি ভুয়ো অ্যাকাউন্ট কেউ খুলেছে এবং চালাচ্ছে বলে তিনি দেখেছেন। ‘AbhijitBanerj’ এবং ‘AbhijitBabrjee’ নামের ওই অ্যাকাউন্টগুলি থেকে নানা রকম পোস্ট করা হচ্ছে তাঁর বলা কথা হিসেবে। যেগুলি সম্পর্কে আদৌ জানেন না অভিজিৎবাবু নিজে। সবচেয়ে বড় কথা, অভিজিৎবাবুর নিজের কোনও টুইটার অ্যাকাউন্টই নেই!
ফলে ওই দু'টি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া নানা তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন হয়েছে, সে বিষয়েও নানা টুইট ও রিটুইট করা হয় ওই দু'টি অ্যাকাউন্টের তরফে। রাহুল গান্ধীকে ধন্যবাদও দেওয়া হয় কথা বলার জন্য, যা আদৌ জানেনই না অভিজিৎবাবু।
এর পরেই টুইটারে জানানো হয়, ওই অ্যাকাউন্ট দু'টি ফেক বলে। তাঁর হয়েও টুইটারে একটা পোস্ট করা হয়। সেটি করেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মাধ্যমে অভিজিৎবাবু বার্তা দেন, "আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে। AbhijitBanerj নামের অ্যাকাউন্ট আমার নয়। আমি টুইটারে নেই। এই তথ্যটা সকলকে জানিয়ে দেবেন আপনারা।"
https://twitter.com/Ram_Guha/status/1257869864678469632
প্রসঙ্গত, বাংলার সাংসদ মহুয়া মৈত্র প্রথম চিহ্নিত করেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নয়, দু-দু'টি ফেক অ্যাকাউন্ট চলছে টুইটারে। এর পরে তিনিও আজ অভিজিৎবাবুর হয়ে জানান, নোবেল লরিয়েট ও অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারে নেই। তাঁর নামে খোলা দু'টি অ্যাকাউন্টই ফেক।
https://twitter.com/MahuaMoitra/status/1257870931747155969
এর পরেই অভিজিৎবাবু নিজে টুইটারে অভিযোগ জানান ও অ্যাকাউন্ট দু'টি বন্ধ করে দেওয়া হয়।