দ্য ওয়াল ব্যুরো: আমরা অনেকেই চাই যমজ সন্তান হোক। একসাথে বেশ বেড়ে উঠবে আদরে আহ্লাদে। জন্মের পরে অনেক যমজের মধ্যেই বেশ ভাব থাকে, তবে বেশি খুনসুটি বা মারপিটের ছবিই উঠে আসে। এবার যদিও বা দেখা গেল পৃথিবীতে আসার আগেই মায়ের পেটে তারা দুটিতে মিলে বক্সিংয়ে মেতে উঠেছে।
হ্যাঁ, জেনে অবাক লাগলেও এই দৃশ্যটাই এ মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। একটি আল্ট্রাসাউণ্ডের ভিডিয়ো প্রকাশ করলেন ২৮ বছরের মিঃ তাও। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা থাকায় চিনের ইয়ানচুয়ান প্রদেশের একটি হাসপাতালে চলছিল আল্ট্রাসাউণ্ড টেস্ট । আর সে সময়েই তাঁরা যে ভিডিয়ো দেখেন, তাতে দেখতে পাওয়া যায় তাঁদের দুই সন্তান বক্সিংয়ে ব্যস্ত! একজন থেমে গেলে শুরু করছে আরেক জন! অর্থাৎ কেউ কাউকে থামতে দিতে চায় না। বক্সিংয়ে কেউ কাউকে ছাড়ছে না মায়ের পেটের ভিতরেই। আর সেই মহিলা তখন চারমাসের প্রেগনেন্ট। অর্থাৎ মাত্র চারমাসের ভ্রূণ অবস্থাতেই তাদের এই মারামারির উত্তেজনা। তা হলে এখন সে দুটিতে মিলে কী করছে, আর তাদের মা বাবাই বা কী ভাবে তাদের সামলাচ্ছেন, সেটাই ভাবনার।
দেখুন সেই ভিডিও
https://www.youtube.com/watch?time_continue=39&v=_-1dkZbw4Sc
যদিও এই ভিডিয়োর কথা চিনা দৈনিকে প্রকাশ্যে আসার পরে লোকজন বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন, যে জয়ী হয়েছে বক্সিংয়ে, তাকেই বড় বলে ধরে নেওয়া যেতে পারে। আবার কেউ বলেছেন ওরা মায়ের পেটের মধ্যে বক্সিং করলেও আসলে বাইরে এসে নিশ্চই দুজনে দুজনকে ভালোবাসবে। মিঃ তাও যদিও বলছেন, জানুয়ারিতে অবশ্য আল্ট্রাসাউণ্ডে তাদের দুজনে দুজনকে জড়িয়ে থাকতেই দেখা গেছিল। আপাতত যমজ সন্তানদের বাবা মা হয়ে খুশি তাও ফ্যামিলি। গত ৮ই এপ্রিল ৩২ সপ্তাহে সি-সেকশনের মধ্যে দিয়ে এই দুই আদরের সন্তান আসে তাওদের কাছে। তাও দম্পতি আদর করে সন্তানদের ডাকনাম দিয়েছেন চেরি আর স্ট্রবেরি। মিসেস তাওয়ের দুটি পছন্দের ফলের নামেই রেখেছেন মেয়েদের নাম।
চেরি আর স্ট্রবেরি আসলে Mo-mo Twins. মায়ের পেটে এরা একই অ্যামনিওটিক স্যাক ভাগ করে। এদের একইরকম দেখতে হয়। তারা একই প্লাসেন্টাও ভাগ করে। যমজ হলেও এ ধরণের ঘটনাগুলোয় সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ থাকে। ২৬ সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আশাহত হন মা বাবারা। এক্ষেত্রে ৩২ সপ্তাহে চেরি আর স্ট্রবেরি সুস্থভাবে জন্মেছে। আগে যাকে বের করা হয়েছে, তার ওজন ১৯৫০ গ্রাম, আরেকজনের ওজন হয়েছে ১৬২০ গ্রাম। প্রথম সন্তানের জন্ম দুপুর ২.৫১ এ, আর পরের জন ঠিক তার এক মিনিট পরেই।
হাসপাতালের ডাক্তার নার্সরা প্রথমে ঘাবড়ে গেছিলেন, যখন দেখেন শিশু দুটির নাড়ি জড়িয়ে গেছে এবং একজনের হার্টবিট ড্রপ করছে। তড়িঘড়ি তারা সিদ্ধান্ত নেন দ্রুত অপারেশন করার। শেষ পর্যন্ত সুস্থ আছে চেরি আর স্ট্রবেরি। আর মিঃ তাও মনে করছেন চিরকাল তাঁর মেয়েরা নিজেদের মধ্যে খুব ভাব করে থাকবে।
কয়েক মাস আগে তিনি ভিডিয়ো রেকর্ডিং করেছিলেন ওই আল্ট্রাসাউণ্ড কিন্তু শেয়ার করেননি তখনই। বাচ্চা দুটি সুস্থভাবে জন্মানোর পরে এই বিরল দৃশ্য নিজেই ঠড়িয়ে দিয়েছেন নেট দুনিয়ায়। আর সেই যমজদের কয়েক রাউণ্ড বক্সিংই এখন গোটা বিশ্ব দেখছে আনন্দে এবং উত্তেজনায়। এখনও পর্যন্ত আড়াই লক্ষ লোক দেখে ফেলেছেন এই ভিডিয়ো, আর আশি হাজার লোক তাঁদের মতামত জানিয়ে কমেন্ট বক্স ভরিয়েছেন।
আসুন আমরা দুই বক্সার বোনের সুস্থ জীবন কামনা করি।
ভিডিয়ো সৌজন্যে ইউটিউব