দ্য ওয়াল ব্যুরো : অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। ২০১৮ সালে আর্কিটেক্ট অভয় নায়েক ও তাঁর মায়ের আত্মহত্যার মামলায় অর্ণব ও আরও দুই ব্যক্তি গ্রেফতার হন। অভিযোগ, অর্ণব ওই আর্কিটেক্টকে প্রাপ্য টাকা মেটাননি। ফলে তাঁর ব্যবসায় গুরুতর ক্ষতি হয়। তাই তিনি ও তাঁর মা আত্মঘাতী হন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব ও অপর দু'জনকে গ্রেফতার করা হয়। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ অর্ণব সহ তিনজনকেই জামিন দিয়েছে। পাশাপাশি বিচারপতিরা মহারাষ্ট্র সরকারেরও কড়া সমালোচনা করেন।
এদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানি হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, অর্ণবকে অবশ্যই তদন্তে সহযোগিতা করতে হবে। তিনজনকে ৫০ হাজার টাকার জামানতও দিতে বলা হয়। দু'দিন আগেই বম্বে হাইকোর্ট অর্ণবের জামিনের আর্জি নাকচ করে দেয়। তারপর সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি মিলল রিপাবলিক টিভির কর্ণধারের।
শুনানির শুরুতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, "আমি ওই চ্যানেল দেখি না। কিন্তু এক্ষেত্রে যদি আদালত হস্তক্ষেপ না করে, তাহলে আমরা ধ্বংসের পথে যাব।" অর্ণবের আইনজীবী হরিশ সালভে সুপ্রিম কোর্টে বলেন, "অর্ণব গোস্বামী কি সন্ত্রাসবাদী? তাঁর বিরুদ্ধে কি খুনের অভিযোগ আছে? তাঁকে জামিন দেওয়া হবে না কেন?" অন্যদিকে পুলিশ ও মহারাষ্ট্র সরকার বলে, অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য।
সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, কাউকে টাকা না দিলেই কি আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়? বিচারপতিরা মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চান, "কাল যদি মহারাষ্ট্রে কেউ সরকারের ওপরে দোষ দিয়ে আত্মঘাতী হয়, তাহলে কি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে?"
গ্রেফতার হওয়ার আগে অর্ণব তাঁর চ্যানেলে মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করেছিলেন। বিচারপতি চন্দ্রচূড় বলেন, "টিভিতে কে কী বিদ্রুপ করল তা সরকারের উপেক্ষা করা উচিত।" পরে তিনি বলেন, "আপনি যদি পছন্দ না করেন, কোনও চ্যানেল নাও দেখতে পারেন। কারও মতাদর্শের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। কিন্তু এব্যাপারে যদি আদালত হস্তক্ষেপ না করে, তাহলে নিশ্চিতভাবেই আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাব।"
বিচারপতিদের বেঞ্চ মন্তব্য করে, "যদি রাজ্য সরকার কোনও কোনও ব্যক্তিকে টার্গেট করে, তাহলে শীর্ষ আদালত নাগরিকদের স্বাধীনতা রক্ষা করবে। আমরা হাইকোর্টগুলির কাছেও আজ একটি বার্তা পাঠাতে চাই। তারা যেন ব্যক্তিস্বাধীনতা রক্ষা করার জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগ করে।"