
শেষ আপডেট: 12 February 2023 07:53
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে রবিবার, তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের (Turkey-Syria earthquake) পর সাতদিন কেটে গেছে। কিন্তু এই ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা (Death Toll) বাড়ছে হুহু করে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে দুই দেশ মিলিয়ে মৃত্যু প্রায় ৩০ হাজার ছুঁইছুঁই। এই সংখ্যা যে কোথায় গিয়ে শেষ হবে জানা নেই কারওর! তবে রাষ্ট্রপুঞ্জের (UN) অনুমান, বিপর্যয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
রাষ্ট্রপুঞ্জের ত্রাণ বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস তুরস্কের খারামানমারাস প্রদেশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে জানালেন, এখনও ধ্বংসস্তূপের তলায় যত দেহ চাপা পড়ে আছে, তা উদ্ধার হলে এখনকার তুলনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় যে ভূমিকম্প হয়েছিল, তার জেরে দুই দেশের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ভেঙে পড়ে বাড়িঘর-দোকানপাঠ। তার নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। সাতদিন ধরে চলছে উদ্ধারকাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে সাহায্য এসে পৌঁছেছে তুরস্ক ও সিরিয়াতে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তুরস্কে।
১৯৩৯ সালের ভয়ঙ্কর ভূমিকম্পের পর এই প্রথম এতবড় দুর্যোগ দেখল দেশটি। রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মার্টিন রাষ্ট্রপুঞ্জের সদস্য হিসেবে তুরস্কে দাঁড়িয়ে বলেন, 'এখনও সঠিক মৃতের সংখ্যা বলা সম্ভব নয়। যেভাবে প্রতি মুহূর্তে ধ্বংসস্তূপের তলা থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে, তাতে তল্লাশি শেষে সেই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
শুধু চাপা পড়ায় নয়, পর্যাপ্ত খাবারের অভাব এবং প্রবল ঠান্ডাতেও মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে ধারণা। এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটাচ্ছেন। সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, তবে তা যথেষ্ট নয়। শনিবার রাতেও বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এভাবে ধ্বংসস্তূপের তলায় আর কতদিন মানুষ জীবিত থাকবেন, সেটাও ভাবাচ্ছে উদ্ধারকারী দলগুলিকে।
তুরস্কের ধ্বংসস্তূপে মিলল প্রাণের সাড়া, ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু'মাসের শিশু