
শেষ আপডেট: 14 February 2023 05:37
দ্য ওয়াল ব্যুরো: তুরস্কে ভূমিকম্পে (Turkey earthquake) মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ধ্বংসস্তূপ সরালেই একের পর এক দেহের সন্ধান মিলছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক মৃতদেহ কবর দেওয়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তুরস্কের প্রশাসনকে। সূত্রের খবর, মারাশ শহরে ইতিমধ্যেই ৫ হাজার দেহ গণকবর (Mass-grave) দেওয়া হয়েছে। জায়গা সঙ্কুলান না হওয়ায় নতুন করে মেশিনের সাহায্যে সেখানে আরও কবর খোঁড়া হচ্ছে।
মারাশ শহরে ৫ লক্ষ মানুষের বাস ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই শহরেই ১০ হাজার দেহের শেষকৃত্য সম্পন্ন হবে। পুরনো কবরস্থানগুলিতে আর দেহ সমাধিস্থ করার জায়গা না থাকায় নতুন জায়গায় সমাধিস্থল বানানোর কাজ শুরু করা হয়েছে। তার জন্যই মেশিন এনে মাটি খোঁড়া হচ্ছে সেখানে।
সূত্রের খবর, কবরস্থানগুলিতে মৃতদেহ বোঝাই গাড়ির ভিড় লেগেই রয়েছে। একবার দেহ নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর ফের নতুন করে দেহ আনতে চলে যাচ্ছে গাড়িগুলি। স্তূপাকারে পড়ে থাকছে কফিন-বন্দি দেহ। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গণকবর দেওয়া হচ্ছে সেগুলিকে। কিছু কিছু কবরে নাম লেখা থাকলেও অনেক সমাধিতেই শুধুমাত্র সংখ্যা লেখা রয়েছে। আর সেই অগণিত দেহের ভিড়ে প্রিয়জনের মৃতদেহ খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে মৃতের বাড়ির লোকজনকে। বহু সমাধিতে কোনও সমাধিপ্রস্তরও নেই, তার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠের টুকরো।
বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গেছে ৭ দিন। এখনও চলছে উদ্ধারকাজ। ভেঙে পড়া বাড়িঘর, ইট-কাঠ-পাথরের চাঙড় সরালেই বেরিয়ে আসছে নতুন নতুন মৃতদেহ। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে হাজার হাজার দেহ সমাধিস্থ করা নিয়ে চিন্তায় এর্দোগান সরকার।
জবরদস্তি জমি দখল করছে পুলিশ, আর এদিকে বন্ধ ঘরে আগুনে পুড়ল মা-মেয়ে, ভয়ঙ্কর ঘটনা