
শেষ আপডেট: 15 April 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগর বিস্ফোরণের সময় বদল করা হয়েছে পুলিশের দেওয়া চার্জশিটে। সোমবার কলকাতা নগর ও দায়রা আদালতের বিচারকের কাছে এমনই বিস্ফোরক তথ্য জানালেন এনআইএ-র তদন্তকারী অফিসার।
এনআইএ-র দাবি, বিস্ফোরণের সময় প্রায় দেড় ঘণ্টা এগিয়ে দেখানো হয়েছে পুলিশের দেওয়া চার্জশিটে!
এদিন তদন্তকারী অফিসার বিচারকের সামনে বলেন, ভুপতিনগর বিস্ফোরণের পর পুলিশ তদন্ত করে যে চার্জশিট দিয়েছিল তাতে বিস্ফোরণের সময় বলা হচ্ছে রাত ৮.৩০ মিনিট। কিন্তু আমার তদন্তে পেয়েছি বিস্ফোরন ঘটে রাত ১০ টার আশেপাশে। এমনকি সেই মর্মে কয়েকজন স্বাক্ষীদের বয়ানও রয়েছে।
আদালতে এনআইএ-র তদন্তকারী অফিসার বলেন, "কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, আর সেজন্যই চার্জশিটে বিস্ফোরণের সময় প্রায় দেড় ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছে।"
আদালতে তিনি আরও জানান, "বিস্ফোরণে যে তিনজনের মৃত্যু হয়েছিল তাঁদের মধ্যে দু'জন মৃতের সঙ্গে ওই দিন রাত ৯.৫১ মিনিট নাগাদ ফোনে কথা হয়েছে বলাই ও মনোব্রতর। এই কল ডিটেইলস আমার পেয়েছি। ৮.৩০ বিস্ফোরণ হলে কীভাবে রাত ৯.৫১ মিনিটে ফোনে কথা বলা সম্ভব?"
ওই দিন কী কী কথা বার্তা হয়েছিল সেসব আরও বিস্তারিত জানার জন্য বলাই ও মনোব্রতকে ফের তিন দিনের হেফাজতে চায় এবআইএ।
এদিকে মনোব্রত জানা বিচারকের সামনে বলেন, "আমাকে ১০ তারিখ গ্রেফতার করার পর নিয়ে এসে মারধর করা হয়। ওই দিন গাড়ি যখন ভাঙচুর হ্চ্ছিল তখন আমি গাড়ির ভিতরে ছিলাম, আমি কিছু জানি না। ভাঙচুর গ্রামের মানুষ করেছে।"
আর এক অভিযুক্ত বলাইচরণ মাইতি আদালতকে বলেন, "এনআইএ হেফাজতে ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে না।তদন্ত হোক, সেরকম হলে ফাঁসিতেও রাজি আছি। কিন্তু এই গরমে পাখা পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছে না। বন্ধ করে রাখা হয়েছে।"
বলাইয়ের অভিযোগ উড়িয়ে তদন্তকারী অফিসার আদালতে বলেন, "পাওয়ার কাট হওয়ার জন্য ইলেকট্রিসিটি বন্ধ ছিল। অফিসের এসপি নিজেও একই অবস্থায় ছিলেন।"