দ্য ওয়াল ব্যুরো: আগেই জানা গিয়েছিল, ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এবার খুব নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হল, সিঙ্গাপুরের ঠিক কোথায় হবে ওই বৈঠক।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের এক দামি হোটেলে বৈঠকে বসবেন ট্রাম্প ও কিম। সেই হোটেলের নাম ক্যাপিলা। যদিও ট্রাম্প বা কিম, কেউই ওই হোটেলে থাকবেন না। ট্রাম্প থাকবেন সাংরি লা হোটেলে। কিম সম্ভবত থাকবেন সেন্ট রেজিস হোটেলে। দুটি হোটেলই সিঙ্গাপুরের মূল দ্বীপে অবস্থিত।
হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকের প্রস্তুতি চলছে চমৎকার।
বৈঠকে কী আলোচনা হবে তা এখনও জানা যায়নি। আমেরিকা বহু দিন ধরেই দাবি করেছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রগুলি ধ্বংস করে ফেলুক। অন্যদিকে কিমের দাবি, আমেরিকা দক্ষিণ কোরিয়া থেকে সেনা সরিয়ে নিক। ১২ জুনের বৈঠকে ওই প্রসঙ্গগুলিই উঠবে বলে পর্যবেক্ষকদের ধারণা।