দ্য ওয়াল ব্যুরো : সোমবার দুপুরে খবর পাওয়া যায়, কাশ্মীরের সোপোরে জঙ্গিদের গ্রনেড হানায় আহত হয়েছেন ১৫ জন। সন্ধ্যায় শোনা গেল, বিজবেহরায় এক ট্রাক ড্রাইভারকে খুন করেছে জঙ্গিরা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। তার আগের দিন জঙ্গিরা দু'জায়গায় হামলা চালাল।
নিহত ট্রাক ড্রাইভারের নাম নারায়ণ দত্ত। তিনি জম্মুর কাটরা অঞ্চলের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বিজবেহরার কানেলওয়ান অঞ্চলে জঙ্গিরা এক নিরীহ মানুষকে হত্যা করেছে। সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরে এই নিয়ে চারজন নিরীহ মানুষ জঙ্গিদের হাতে মারা পড়লেন।
পুলিশ জানিয়েছে, নারায়ণ দত্ত এদিন সন্ধ্যায় জম্মু-শ্রীনগর হাইওয়ে থেকে ১০ কিলোমিটার দূরে কানেলওয়ান অঞ্চলে অপেক্ষা করছিলেন। তাঁর ট্রাকে মালপত্র তোলা হচ্ছিল। এমন সময় আচমকা জঙ্গিরা হানা দেয়। গুলিবিদ্ধ হয়ে নারায়ণ দত্ত ঘটনাস্থলে মারা যান। দ্রুত নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান ঘটনাস্থলে। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়।
এর আগে শরিফ খান ও ইলিয়াস নামে রাজস্থানের দুই ট্রাক ড্রাইভার শোপিয়ানে জঙ্গিদের হাতে নিহত হন। পুলওয়ামায় নিহত হন ছত্তিসগড় থেকে আসা এক শ্রমিক।