দ্য ওয়াল ব্যুরো : বুধবার বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের একটি পুরানো ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায়, চিদম্বরম বিস্তারিত বলছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর করলে কী সুবিধা হতে পারে। পরে অমিত মালব্য অভিযোগ করেন, কংগ্রেস দ্বিচারিতা করছে। কংগ্রেসের মন্ত্রী একসময় এনপিআরের কথা বলেছিলেন। পরে এনডিএ সরকার যখন এনপিআর চালু করতে চাইছে, কংগ্রেস বিরোধিতা করছে। বৃহস্পতিবার টুইটারে এই অভিযোগের জবাব দিলেন চিদম্বরম। তাঁর বক্তব্য, তিনি যে এনপিআর চালু করতে চেয়েছিলেন আর বিজেপি এখন যা করতে চাইছে, দু'টি এক নয়।
অমিত মালব্য যে ভিডিওটি পোস্ট করেছেন, তা ২০১০ সালের। এদিন চিদম্বরম টুইট করে বলেন, "বিজেপি যে এনপিআর চালু করতে চায়, তা আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক। ২০১০ সালে এনপিআর চালুর সময়কার একটি ভিডিও পোস্ট করেছে বিজেপি। আমি তাতে খুশি হয়েছি। দয়া করে শুনুন, আমি কী বলেছিলাম। আমি বলেছিলাম, যাঁরা দেশের স্বাভাবিক বাসিন্দা, তাঁদের সংখ্যা গোনা হবে। সেখানে ধর্মের কোনও কথা ছিল না।"
চিদম্বরমের বক্তব্য, ২০১১ সালের জনগণনার প্রস্তুতি হিসাবে ২০১০ সালে এনপিআর করা হয়েছিল। তার সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জির কোনও সম্পর্ক নেই।
চিদম্বরম বলেন, "বিজেপির উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে সরকার নিঃশর্তে জানাক, তারা ২০১০ সালে যেভাবে এনপিআর হয়েছিল, ফের সেভাবেই করবে। তার সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই।"
https://twitter.com/PChidambaram_IN/status/1210061100147830785
https://twitter.com/PChidambaram_IN/status/1210061450934276096
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এনপি আরের সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ ও কেরলের মতো রাজ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এনপিআর করতে দেবে না। কারণ এর মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হবে, তা এনআরসি তৈরিতে কাজের লাগবে। এনআরসি-তে ক্ষতিগ্রস্ত হবেন মুসলিমরা।