দ্য ওয়াল ব্যুরো : তিন তালাককে অপরাধ বলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্ডিন্যান্স পাশ হল বুধবার। কোনও ব্যক্তি তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ করলে এবার তাঁর তিন বছর পর্যন্ত জেল ও জরিমানা হবে। সংশ্লিষ্ট মহিলা খোরপোষ পাবেন।
তিন তালাক বেআইনি ঘোষণা করে সরকার সংসদে যে বিলটি এনেছিল তার নাম বিবাহে মহিলাদের অধিকার রক্ষা আইন ২০১৭। লোকসভায় বিলটি পাশ হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যসভায় সরকার সংখ্যালঘু। সেখানে বিরোধীদের বাধায় তিন তালাক বিল পাশ করানো যায়নি।
বিরোধীদের রাজি করানোর জন্য সরকার সংসদের বাদল অধিবেশনে বিলের কয়েকটি ধারা লঘু করে দিয়েছিল। আগে বলা হয়েছিল, তিন তালাকের মাধ্যমে কোনও মহিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলে যে কেউ, এমনকী প্রতিবেশীরাও পুলিশে অভিযোগ জানাতে পারবেন। পরে বলা হয়েছে, কেবল সংশ্লিষ্ট মহিলা ও তাঁর পরিবারের লোকজন অভিযোগ করতে পারবেন। অভিযুক্ত স্বামী যদি মিটমাট করতে চান, তবে মহিলা অভিযোগ তুলেও নিতে পারবেন। অভিযুক্ত ব্যক্তি জামিন পাবেন কিনা, স্থির করবেন বিচারক।