গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

শেষ আপডেট: 29 August 2025 11:42
দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে মারা হল এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় মাথাভাঙার জোরপাটকি গ্রামপঞ্চায়েত এলাকায়। মৃতের নাম সঞ্জয় বর্মণ (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মণ ও মান্টু বর্মণের মধ্যে বিবাদ বাঁধে। সেই সময় ঝামেলা থামাতে এগিয়ে যান তৃণমূল কর্মী সঞ্জয়। অভিযোগ, তখন তাঁর উপরেই চড়াও হয় দু’জন। প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়, মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। এরপরও তাঁকে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তৃণমূল কর্মীর মৃত্যু ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জোরপাটকি গ্রামপঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মন বলেন, “গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। বচসা থামাতে গেলে সঞ্জয়কে মারধর করা হয়। অভিযুক্তরা কোনও পার্টির সঙ্গে যুক্ত বলে আমার মনে হয় না। তারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের সর্বোচ্চ শাস্তি চাই।” অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারও। শুধুমাত্র বচসা থামাতে যাওয়ায় খুন বলে মানতে পারছে না তারা। মৃত তৃণমূল কর্মীর কাকা ক্ষিতীন্দ্রনাথ বর্মণ অভিযোগ করেন, তাঁর ভাইপোকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে।