
শহরে মহিলা তৃণমূলের প্রতিবাদ মিছিল।
শেষ আপডেট: 28 March 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) কেলগ কলেজে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বক্তৃতার মাঝে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছিলেন একাংশ শ্রোতা। অভিযোগ, বিশৃঙ্খলাকারীরা বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্য।
এর প্রতিবাদে শুক্রবার কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস (TMC Mahila Congress)। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা।
সম্প্রতি খড়গপুরে মহিলাদের গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে। মিছিল থেকে দিলীপ ঘোষকেও ধিক্কার জানান তৃণমূলের মহিলারা। তাঁদের হাতে থাকা ব্যানার, পোস্টারে লেখা ছিল, 'বাম-রামের অসভ্যতা মানছি না।'
অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর বক্তব্যের মধ্যেই রাজ্যের বিনিয়োগ পরিস্থিতি, টাটার বাংলা ছেড়ে চলে যাওয়া থেকে শুরু করে আরজি কর-- বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলেন একাংশ শ্রোতা। তাঁরা চিৎকার করে মুখ্যমন্ত্রীর বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, 'এখানে মিথ্যে কথা বলে আমাকে অপমান না করে বাংলায় গিয়ে নিজেদের দলকে শক্তিশালী করুন।'
ঘটনার কিছু পরে সোশ্যাল মাধ্যমে কেলগ কলেজের কিছু ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্নকর্তাদের বেশির ভাগই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ইউকে ইউনিটের সদস্য। এরই প্রতিবাদে এদিন কলকাতা-সহ রাজ্যজুড়ে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা, শশীরা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের প্রতিনিধি হিসেবে বিদেশে গিয়েছিলেন। বাম-রাম যেভাবে অসভ্যতা করল বাংলার মানুষ ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে আবারও তার জবাব দেবে।'
অর্থাৎ লন্ডন কাণ্ডকে সামনে রেখে পাল্টা জনমত গঠনে নেমে পড়ল শাসকদল।