
কুণাল ঘোষ।
শেষ আপডেট: 1 May 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। তাপস এবারে উত্তর কলকাতা লোকসভা আসনে বিজেপির প্রার্থীও।বুধবার সেই তাপস রায়ের প্রশংসা করে দলের কোপে পড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এদিন বিকেলে দলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, কুণাল তাপসবাবুর যে প্রশংসা করেছেন, এটা তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
শুধু তাই নয়, বিবৃতিতে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সাম্প্রতিক অতীতে কুণালের একাধিক মন্তব্য কার্যত দলের নীতির পরিপন্থী। তাই এই সিদ্ধান্ত।
ঘটনার সূত্রপাত, কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডের আমহার্স্ট স্ট্রিট এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এদিন গ্রীষ্মকালীন রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক মঞ্চে দেখা যায় তাপস-কুণালকে।
সেখানে বিজেপি প্রার্থী তাপসের দরাজ প্রশংসা করে কুণাল বলেন, "তাপস রায় একজন দক্ষ সংগঠক এবং দায়িত্ববান জননেতা। মানুষের জন্য সবসময় ওর দরজা খোলা থাকে, উনি সর্বক্ষণ মানুষের আপদে বিপদে পাশে থাকেন।" কুণাল এও বলেন, "একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে নিজের সিদ্ধান্ত নিতে দিন।" তাপসও বলেন, "কুণাল খুব ভাল ছেলে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি।"
কাকতালীয়ভাবে মঞ্চে দাঁড়িয়ে কুণাল যখন তাপসের প্রশংসা করছিলেন, ঠিক তখনই ওই এলাকা দিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি মিছিলও যেতে দেখা যায়।
এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কুণাল যেভাবে ছাপ্পা ভোটের বিরুদ্ধে ওই সভা থেকে সরব হয়েছিলেন, তা নিয়েও দলের অন্দরে প্রশ্ন ওঠে। এমনকী দলের একাংশ এই প্রশ্নও তোলেন যে সাম্প্রতিক অতীতে একাধিকবার কুণাল দল বিরোধী মন্তব্য করেছেন।
উদাহরণ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছিলেন কুণাল। সেই প্রসঙ্গও টেনে আনেন তাঁরা। এরপরই দলের তরফে কুণালকে পদ থেকে অপসারণের কথা জানিয়ে বলা হয়, তাপস রায় সম্পর্কে কুণাল ঘোষ যা মন্তব্য করেছেন, সেটা ওনার ব্যক্তিগত মত, দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। প্রসঙ্গত এর আগে দলের বিরুদ্ধে মুখ খুলে রাজ্য মুখপাত্রের পদ খুইয়েছিলেন কুণাল।