
সালারে নার্সকে চড় মারার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
শেষ আপডেট: 14 July 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ উঠল সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। রবিবার সকাল থেকেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসেছেন নার্সরা।
অভিযোগ, শনিবার রাতে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু মেয়ের চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত একজন নার্সকে চড় মারেন তিনি। এই ঘটনাকে ঘিরে স্বাস্থ্যকেন্দ্রে হইচই পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েকদিন ধরে রেজিনা বিবির মেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মেয়ের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না। চিকিৎসক, নার্সরাও মেয়ের ঠিক মতো পরিষেবা দেননি বলে অভিযোগ তোলেন রেজি বিবি। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার রাতে হাসপাতালে যান পঞ্চায়েত প্রধান। সেখানে চিকিৎসকদের সঙ্গে তাঁর দেখা হয়নি। এরপরই কর্তব্যরত নার্সদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন তিনি। আর তখনই বচসা চলাকালীন আচমকাই নার্সের গালে প্রধান চড় মারেন বলে অভিযোগ।
রবিবার সকাল থেকেই ঘটনাটির প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে আন্দোলনে নামেন নার্সরা। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আক্রান্ত নার্সের স্বামী জানিয়েছেন "বর্ধমান থেকে ডিউটিতে আসন তাঁর স্ত্রী। এই ঘটনার পর স্ত্রী নার্সের কাজ করুক, চান না তিনি। পরিবারে সকলে আতঙ্কে রয়েছি।” এই ঘটনায় ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, “সরকারি হাসপাতালে নার্সকে হেনস্থা করা হলে দল বরদাস্ত করবে না। প্রধান যদি দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে করে ফেলেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”