
শওকত মোল্লা
শেষ আপডেট: 13 December 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: কাটমানি নেওয়ার কথা স্বীকার করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। আরাবুলের নাম না করে এও জানালেন, সেই টাকা একাই ভোগ করতেন তিনি।
ওই কর্মীসভায় ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, 'ঠিকাদারদের থেকে যে পয়সা পাওয়া যেত সেটা দু'একজন ব্যক্তি নিয়ে চলে যেত। আমরা এখন সেই টাকা কিছু না কিছু দিয়ে গরিব মানুষের মধ্যে বিলি করছি। সাধারণ মানুষও সেই টাকার ভাগ পান।' ভাঙড় বিধানসভায় পাঁচ হাজার কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছেন শওকত মোল্লা। যার আনুমানিক খরচ ২৫ থেকে ২৭ লক্ষ টাকা হতে পারে বলে খবর।
শওকতের কাটমানি নিয়ে এহেন স্বীকারোক্তি সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এলাকার এক বিজেপি নেতার কথায়, পিচের রাস্তায় পিচ কেন উঠে যাচ্ছে তার কারণটা এখন স্পষ্ট হল। উনি স্বীকার করলেন তাহলে কাটমানি নিয়েছেন।
অন্যদিকে নাম না করে আরাবুলও পাল্টা দিয়েছেন শওকতকে। বলেন, 'ভাঙড়ে আরাবুল ইসলাম যদি ফুঁ দেয়, খালের ধারে যে ক'টা নেতা বসবাস করে, উড়ে চলে যাবে। তাই বড় বড় কথা বলার দরকার নেই। এরা অস্তিত্বহীন মানুষ। ভাঙড়ে রোলার চালিয়ে তৃণমূল কংগ্রেস নেতা হওয়া যাবে না। ভাঙড়ের মানুষকে সার্ভিস দিতে হবে। উন্নয়নের পথ দেখাতে হবে। পরিষেবা দিতে হবে।'
প্রসঙ্গত, এর আগে একাধিকবার দলেরই কিছুজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শওকত বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা-কর্মী রয়েছে, যাঁদের কাজ যে কোনও কাজের জন্য হাত পেতে টাকা নেওয়া।