
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 August 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগে নিউ টাউনের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই তৃণমূল নেতার নিউ টাউনের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত প্রচুর নকল প্যাড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম কৌশিক সরকার। উত্তর দিনাজপুরের বাসিন্দা কৌশিকের বিরুদ্ধে অভিষেকের নাম ভাঙিয়ে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি বিষয়টি জানতে পেরে চমকে ওঠেন অভিষেক ঘনিষ্ঠরা। এরপর থেকেই অভিযুক্ত নেতাকে নজরে রাখছিল পুলিশ। শুক্রবারই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
দলের নেতার নাম ভাঙিয়ে কীভাবে তোলাবাজি করতেন অভিযুক্ত? পুলিশ জানিয়েছে, অভিষেকের নামে নকল লেটারহেড ছাপিয়ে, সেটি দেখিয়েই নিজেকে অভিষেকের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন। নানা কাজে সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এভাবেই চলত মোটা অঙ্কের টাকা আদায়! সম্প্রতি নিউ টাউনের এক ব্যক্তি অভিযুক্তর কাছে প্রতারণার শিকার হন। পুলিশ এবং তৃণমূলে অভিযোগ জানান। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কৌশিকের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্ত দলের কোন পদে ছিলেন না। অভিষেকের নাম ভাঙিয়ে তোলাবাজি করছিলেন বলে অভিযোগ ওঠে। এই ধরনের ঘটনাকে দল প্রশ্রয় দেয় না।
অভিযুক্তর সঙ্গে প্রতারণা চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।