দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন এখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন সঙ্গী। আর হোয়াটসঅ্যাপ। সে তো একুশ শতকের সবচেয়ে পরিচিত শব্দ। আট থেকে আশি প্রায় সবারই সবচেয়ে প্রিয় সঙ্গী। অবসর যাপন থেকে কর্মব্যস্ত জীবনের সিংহভাগ জুড়েই রয়েছে এই হোয়াটসঅ্যাপ। সমীক্ষা বলছে, বিশ্ব জুড়ে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন। ইউজারদের সুরক্ষার জন্য প্রস্তুতকারী সংস্থা ঢেলে সাজিয়েছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু রেহাই নেই। ফাঁক গলে ঠিক ঢুকে পড়েছে 'বিপদ'। নাম তার 'বাগ।
আজকাল হোয়াটসঅ্যাপে একধরণের মেসেজ ঘোরাফেরা করে। উপরে থাকে একটি মজার বা ইন্টারেস্টিং ইমোজি। তলায় লেখা 'রিড মোর'। কৌতূহলের বশে বেশিরভাগ মানুষই ক্লিক করেন সেখানে। ব্যাস।এখানেই যত সমস্যা। ওই এক ক্লিকেই কার্যত বারোটা বেজে যাবে আপনার ফোনের। এন্ড্রোয়েড হোক বা আইওএস, সব ফোনেই সপ্রতিভ এইসব 'বাগস'।
এতো গেলো এক ধরণের বাগস। তবে সমস্যার এখানেই শেষ নয়। রয়েছে আরও। মাঝেই মাঝেই দেখা যায় হোয়াটসঅ্যাপে এক ধরণের মেসেজ আসে। লেখা থাকে এই মেসেজে ক্লিক করলেই আপনার ফোন হ্যাং হয়ে যাবে। লোকজন ভাবেন নির্ঘাত তাঁর বন্ধুরা মজা করছে। আর খানিকটা ওভার কনফিডেন্স নিয়েই ক্লিক করেন এই সব মেসেজে। আর ক্ষণিকের ওভার কনফিডেন্স তৈরি করে নতুন সমস্যা।
তবে সবসময়ই যে এমন মজার ছলে বিপদ আপনার হোয়াটসঅ্যাপে উঁকি মারবে তেমনটা নয়। বিপদ লুকিয়ে থাকতে পারে সিরিয়াস কোনও বার্তাতেও। তাই এ বার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে খানিকটা সতর্ক হন। লাগাম ছাড়া ব্যবহার না করে বরং একটু মনোযোগ দিয়ে মেসেজ পড়ুন।