
শেষ আপডেট: 26 April 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে যাওয়ার হঠাৎ হুজুগের চটজলদি সমাধান এখন গুগল পে অ্যাপ (Google Pay)। ট্রেনের টিকিটও (Train tickets) এখন কাটা যাবে এই অ্যাপেই। ফোনের রিচার্জ থেকে চায়ের দোকানের বিল মেটানো সবকিছুতেই মুশকিল আসান এই ইউপিআই অ্যাপ (UPI App)। ক্যাশ বা কার্ডের থেকেও টাকা লেন-দেনের জন্য এখন মানুষ বেশী পছন্দ করেন গুগল পে। আঙুলের একটি ছোঁয়ায় যখন নিজের পছন্দের জিনিস হাতে চলে আসছে তখন পকেটে টাকা বা কার্ড নিয়ে ঘোরার ঝঞ্ঝাট কেই বা নিতে চায়। বিভিন্ন স্তরের সুরক্ষাবলয়ের মাধ্যমে সুরক্ষিত এই অ্যাপটি এখন বেশীরভাগ মানুষেরই প্রতিদিনের জীবনযাপনের অঙ্গ হয়ে গেছে।
সম্প্রতি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্মটি। এখন ফোনের রিচার্জের পাশাপাশি গুগল পে-তে নিজের আইআরসিটিসি অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ট্রেনের টিকিট বুক করা যাবে। ঠিক সিনেমা হলের টিকিট বুকিং-এর মতোই খুবই সহজ পদ্ধতিতে ভারতীয় রেলের টিকিট বুক বা ক্যানসেল করা যাবে এই অ্যাপে।
গুগল পে-র মাধ্যমে ট্রেনের টিকিট বুক (ticket book) করবেন কীভাবে?
যদি গুগল পে-র পুরনো ভার্সন থাকে তাহলে আগে ফোনে অ্যাপটিকে আপডেট করে নিতে হবে। আপডেট করলেই আপনি সহজেই টিকিট বুকিং-এর অপশন পেয়ে যাবেন।
আপনাকে পরপর যা করতে হবে:
১: ফোনে গুগল পে অ্যাপটা খুলে স্ক্রল ডাউন করে বিজনেস অপশনে যেতে হবে।
২: বিজনেস অপশনের মাথায় 'এক্সপ্লোর' অপশনে ট্যাপ করতে হবে।
৩: স্ক্রল ডাউন করে ট্রাভেল অপশনে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন 'কনফার্ম টিকিট' (Confirm Tkt) অপশনটি। কনফার্ম টিকিটে ট্যাপ করলেই ফোনের স্ক্রিনে একটি উইন্ডো খুলে যাবে, যেখানে আপনি ইচ্ছা মতো পছন্দের ট্রেন সার্চ করতে পারবেন।
৪: যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন এবং যাওয়ার দিনের তারিখ সিলেক্ট করে সার্চ করলেই, ফোনের স্ক্রিনে এসে যাবে পর পর ট্রেনের লিস্ট।
৫: ট্রেনের লিস্ট থেকে পছন্দের ট্রেন এবং যে ক্লাসে যাত্রা করতে চান সেটা সিলেক্ট করলেই আপনার সম্মতি চেয়ে একটি উইন্ডো স্ক্রিনে এসে যাবে। 'ওকে' অপশনে ট্যাপ করে 'কনফার্ম' করতে হবে।
৬: এরপর আপনার আইআরসিটিসি ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে। যদি ইউজার আইডি না থাকে তবে 'ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট'-এ ট্যাপ করে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
৭: লগ ইন করার পর আপনার অর্থাৎ প্যাসেঞ্জারের সমস্ত তথ্য ঠিকঠাক ভাবে দিতে হবে। সমস্ত ডিটেল দেওয়ার পর 'কন্টিনিউ' অপশনে ট্যাপ করতে হবে।
৮: সমস্ত তথ্য ঠিক ঠাক এসেছে কিনা একবার দেখে নিয়ে 'কন্টিনিউ' অপশনে ট্যাপ করতে হবে। যদি তথ্য ঠিক না থাকে তাহলে 'এডিট ট্রিপ' অপশনে গিয়ে আবার ঠিক করে দিতে হবে।
৯: এরপর 'পেমেন্ট মেথড' অপশনে গিয়ে 'প্রসিড টু পে' করে টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ইউপিআই পিন দিলে স্ক্রিনে আইআরসিটিসি-র উইন্ডো খুলে যাবে। এরপর আইআরসিটিসি-র পাসওয়ার্ড দিয়ে 'সাবমিট' করলেই টিকিট-এর কনফার্মেশন উইন্ডো এসে যাবে স্ক্রিনে।
১০: 'কনফার্মেশন উইন্ডো'-তেই 'ডাউনলোড টিকিট' অপশনটা আসবে। সেখানে ট্যাপ করে সহজেই টিকিট ডাউনলোড করে নেওয়া যাবে।
টিকিট কনফার্ম হয়ে গেলেই গুগল পে অ্যাপের ট্র্যান্স্যাকশন হিস্ট্রিতে ট্রেন চ্যাট হেডের মধ্যে সমস্ত জরুরি তথ্য সমেত একটি কনফার্মেশন ডিটেল এসে যাবে। এখানে ট্রিপের ডিটেল, পিএনআর নম্বর, ট্রেনের বর্তমান অবস্থা ইত্যাদির মতো জরুরি তথ্য দেওয়া থাকবে। এছাড়াও এই চ্যাট হেডের মধ্যেই থাকে এই ট্রিপ শেয়ারের অপশনও।
হোয়াটসঅ্যাপ একসঙ্গে চারটি ফোনে লগ ইন করা যাবে! নতুন ফিচার আনল মেটা