
শেষ আপডেট: 30 December 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পৃথক সারণা ধর্ম কোডের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বনধকে সফল করতে শনিবার সকাল সকাল রেল রোকো শুরু হয় পুরুলিয়ার কান্টাডি রেল স্টেশনে। অবরোধের জেরে থমকে যায় দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনও। পুরুলিয়া স্টেশনে আটকে যায় রাঁচি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসও। সকাল সাড়ে ন’টা নাগাদ অবরোধ ওঠে। তারপরেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগে।
এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিজেদের দাবি দাওয়া ভিত্তিক ব্যানার ও পোস্টার নিয়ে রেল অবরোধ শুরু করেন। অবরোধের জেরে সকাল থেকেই দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চান্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল পুলিশের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য পুলিশও। অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন রেলযাত্রীরা। জট কাটাতে পুলিশের কর্তারা আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। অবশেষে সাড়ে ন’টা নাগাদ অবরোধ ওঠে।
শুধু পুরুলিয়াতেই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গা এমনকী অসমেও এদিন রেল অবরোধ করেন আদিবাসীরা। পশ্চিম বর্ধমানের কালিপাহাড়ি স্টেশনে রেল অবরোধ হয়। মালদহেও সকাল থেকে শুরু হয় অবরোধ। বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস থমকে যায় অসমের জোড়াই স্টেশনে। গোসাঁইগাও স্টেশনে দাঁড়িয়ে যায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পরবর্তীতে অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়।