
শেষ আপডেট: 8 July 2022 13:27
দ্য ওয়াল ব্যুরো: স্কুল ছুটি হলেই যানজট (Traffic congestion) হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। নিউটাউনেও ব্যাপক যানজট হচ্ছে। যেকারণে এনকেডিএ (নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি) নিউ টাউনের স্কুলগুলির কাছে যানজট কমাতে গাড়িগুলির জন্য পার্কিং এলাকা চিহ্নিত করেছে ৷
যেসব পুলকার ও ব্যাক্তিগত গাড়িতে পড়ুয়ারা যাতায়াত করে, সেগুলি রাস্তায় পার্ক করা থাকে। যেকারণে ব্যাপক জ্যাম (Traffic congestion) হয় রাস্তায়। অভিভাবকরা যে যেমন পারছে, স্কুলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখছে (Traffic congestion)। অনেকদিন ধরেই এই অভিযোগ পাচ্ছিল এনকেডিএ। এবার তাই স্কুলের কাছাকাছি পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। যেখানে ব্যক্তিগত গাড়ি এবং পুল কার–সহ পড়ুয়াদের নিয়ে যাওয়ার যানবাহনগুলিকে পার্ক করতে হবে।
এনকেডিএ একটি সমীক্ষার সময় দেখেছে যে, অনেক গাড়ি সারা দিন স্কুলের কাছে রাস্তার পাশে পার্ক করা থাকে। চেয়ারম্যান দেবাশিস সেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাঁরা অভিভাবকদের প্রথম ৩০ মিনিটের জন্য নির্ধারিত পার্কিং স্পেসে তাদের যানবাহন পার্ক করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি কেউ এর চেয়ে বেশি সময় গাড়ি পার্ক করতে চায়, তবে তাদের পার্কিং ফি দিতে হবে।’
জানা গেছে, দ্য নিউটাউন স্কুলে সকাল ৮টার আগে প্রায় ৫০টি পুল কার বাচ্চাদের নামিয়ে দেয়। এবং অনেকগুলি গাড়ি বিকেল পর্যন্ত এই এলাকায় পার্ক করা থাকে। একই অভিযোগ নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের বিরুদ্ধেও। করোনার পর বাচ্চাদের নিজস্ব গাড়িতে স্কুলে যাতায়াত বেড়েছে।