.webp)
শেষ আপডেট: 8 December 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর পড়তেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে মাইথনে। প্রতি বছরই এই সময় থেকে টানা জানুয়ারি পর্যন্ত পর্যটকদের আনা গোনা লেগেই থাকে মাইথন ব্যারেজে। তবে এবারে আর বড়দিন কিংবা নতুন বছরের প্রথম দিনে গাড়ি নিয়ে ওঠা যাবে না মাইথন সেতুতে। এমনকি নৌকা বিহারের সময় তোলা যাবে না সেলফিও।
দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে সম্প্রতি এমনই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিভিসির তরফে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা।
এতদিন অতিরিক্ত ভিড়ের কারণে শুধুমাত্র ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি মাইথন সেতুর উপর দিয়ে যাতাযাত করা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করত ডিভিসি। সংশ্লিষ্ট দুটি দিনে অতিরিক্ত পর্যটক থাকার কারণেই এই সিদ্ধান্ত ছিল। এবার থেকে দু’দিনের পরিবর্তে ২৫ ডিসেম্বর থেকে টানা ৩১ জানুয়ারি সেতুতে যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিভিসি।
ফলে বাস-সহ সব ধরনের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে না। ডিভিসির এমন সিদ্ধান্ত সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে মানুষের মধ্যে। সংশ্লিষ্ট পথ দিয়ে প্রতিদি চারটি মিনিবাস চলাচল করে। সমস্যায় পড়বেন ওই চারটি বাসের যাত্রীরা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এই বাসের মালিকদেরও।
আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন ডিভিসির এই নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, জেলার পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা না করে এই নিষেধাজ্ঞা জারি করা ঠিক হয়নি। যদিও ডিভিসির পক্ষ থেকে মাইথনের জনসংযোগ আধিকারিক সঞ্জয় প্রিয়দর্শী বলেন, যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সেখানে ডিভিসি আধিকারিকদের সঙ্গে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এখনো পর্যন্ত দেখা গেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার পর্যন্ত বাস, গাড়ি নিয়ে সেতুর উপরে ব্যাপক ভিড় হয়। এতে সেতু ও পর্যটকদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়ায়। সেই জন্যেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুতে ওঠার অনেক আগেই দুপারেই বাস বা গাড়িগুলো কোথায় রাখা হবে তাও বৈঠকে বলা হয়েছে।
শীতে মাইথনে আসা পর্যটকদের নিরাপত্তা সবচেয়ে আগে সুনিশ্চিত করতে বুধবার একযোগে বৈঠক করেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং মাইথন জলধারের নৌকা চালকেরা। প্রচন্ড ভিড়ের কথা মাথায় রেখে ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, ১৪ জানুয়ারি , ২১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি মাইথন ড্যামের উপরে কোনরকম গাড়ি চলাচল করতে পারবে না। গাড়ি নিয়ে যারা আসবেন তাদের জন্য মাইথন ড্যামের নিচে নার্সারি এলাকা, ছট ঘাট এলাকা ও কালিপাহাড়ির মন্দির এলাকার পার্কিং ব্যবহার করতে হবে।
একই সঙ্গে কোনভাবেই নৌকা ভ্রমণের সময় সেলফি তোলা যাবে না। বিকেল সাড়ে চারটে পর্যন্ত নৌকা ভ্রমণের জন্য টিকিট দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নৌকায় বসার আসনের বেশি একজন যাত্রীও না নেওয়া এবং লাইফ জ্যাকেট ছাড়া কোন যাত্রীকে নৌকায় না তোলার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে প্লাস্টিক ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।