
নবান্ন অভিযান নিয়ে প্রস্তুতি পুলিশের - প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 August 2024 11:24
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’। পুলিশ এর অনুমতি না দিলেও একাধিক রাস্তা নিয়ন্ত্রণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। কারণ মঙ্গলবার বড় জমায়েতের অনুমান করা হয়েছে। এই কারণে নবান্নের পার্শ্ববর্তী এলাকা সহ কলকাতার বিভিন্ন রাস্তা বন্ধ রাখা হচ্ছে, একই সঙ্গে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কোনা এক্সপ্রেস (নিবরা থেকে দ্বিতীয় হুগলি সেতু), আন্দুল রোডের একাংশ, জিটি রোড (মল্লিক ফটক থেকে বেতাইতলা), হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোরসর রোড এইচআইটি ব্রিজ থেকে আরবি সেতু সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল করবে না মঙ্গলবার। পাশাপাশি জানানো হয়েছে, যে সমস্ত গাড়ি কোলাঘাট, ডানকুনি, হাওড়া, হাওড়া স্টেশন থেকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চায় তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।
নবান্ন অভিযান রুখতে পুলিশ কড়াকড়ি করেছে। প্রায় সব জেলা থেকে উচ্চপদস্থ অফিসারদের কলকাতায় ডাকা হয়েছে। তাঁদের লাঠি থেকে শুরু করে হেলমেট, বডি প্রটেক্টিভ গিয়ার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ স্পষ্টত জানিয়েছে, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা বেআইনি। কারণ, একে তো কোনও নির্দিষ্ট সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়নি। নিয়ম মেনে পুলিশের কাছে কোনও আবেদন জানানো হয়নি। তাই পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না।
মঙ্গলবার যে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে তাতে রাজনৈতিক মদত ও ইন্ধন রয়েছে বলেও মনে করছে সরকার। এ ব্যাপারে এদিন সকালে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশ জানিয়েছে, তথাকথিত ছাত্রসমাজের নেতাদের কারও কারও গতিবিধি সন্দেহজনক। এরই মধ্যে এক ছাত্রনেতা কলকাতার একটি অভিজাত হোটেলে গিয়ে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেন। পুলিশ এও জানিয়েছে, এই সব তথ্য তারা আদালতে পেশ করার প্রস্তুতি রাখছে।
তবে ছাত্রসমাজের নেতারা এদিন প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাদের কোনও রাজনৈতিক মদত দেওয়া হচ্ছে না। এটা ভ্রান্ত প্রচার। এতএব এটা কার্যত স্পষ্ট, মঙ্গলবার প্রবল উত্তেজনার সাক্ষী থাকতে পারে রাজ্য।