দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির এক অনন্য রূপ লুকিয়ে রয়েছে দক্ষিণ ভারতে। প্রতিবছরেই বিভিন্ন সময়ে পর্যটকরা পছন্দ করেন দক্ষিণ ভারতে বেড়াতে যেতে। বিশেষত কর্ণাটকের বিভিন্ন অঞ্চলকেই পছন্দের তালিকার প্রথমে রাখেন পর্যটকেরা। কিন্তু পর্যটকেরা বেড়াতে গিয়ে দর্শনীয় স্থানকেই অনেক সময় নোংরা করে আসেন। আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রেখে আসেন।
সম্প্রতি কিছু পর্যটক দক্ষিণ ভারতের কর্ণাটকের কোডাগুতে বেড়াতে যান এবং সেখানে গিয়ে চারপাশে আবর্জনা ফেলে রেখে আসেন। কোডাগু ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পর্যটকদের এই আচরণ দেখে ঠিক করেন, এটা বন্ধ করতেই হবে। তাই তিনি এই ভাবে নোংরা আবর্জনা ফেলে রাখার একটি ভিডিও করেন, এবং তা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন।
ভিডিওটি সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে সমাজের বিভিন্ন স্তরে। এই ভিডিও পোস্ট হওয়ার পরেই পুলিশ তৎপর হয়, এবং যথাযোগ্য ব্যবস্থা নেয়। এমনকি পুলিশের নির্দেশেই দুজন পর্যটককে মাদিকেরি থেকে কর্ণাটকের কোডাগু পর্যন্ত আবার ফিরতে হয়েছে।
কোডাগু ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাডেটিরা থিমমাইয়া বলেন, "আমি পিজ্জা বাক্সের ভিতরে থাকা একটি বিলে পর্যটকদের ফোন নম্বর পাই। তাঁদের কল করে বিষয়টি জানিয়েছিলাম কিন্তু তাঁরা গুরুত্ব দেননি।"
এর পরেই তিনি ভিডিও করে তা অনলাইনে পোস্ট করেন। এছাড়া গ্রামবাসীরাও পুলিশকে এই ধরনের ঘটনার কথা জানান এবং পুরো বিষয়টা দেখার জন্য অনুরোধ করেন। এরই ফলস্বরূপ দুজন পর্যটককে মাইসোর থেকে কোডাগু, প্রায় ৮০ কিলোমিটার আবার ফিরে আসতে হয়েছে ফেলে রাখা আবর্জনা পরিষ্কার করার জন্য।
থিমমাইয়া আরও বলেন যে, "আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে কোডাগুর সকলকে অনুরোধ করেছিলাম বিষয়টা দেখার জন্য। সার্কেল ইনস্পেক্টরকেও জানিয়েছিলাম বিষয়টি এবং তাঁরাই ওই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করেন।"