দ্য ওয়াল ব্যুরো: অশান্ত কাশ্মীরে পাথর-বৃষ্টির মধ্যে পড়ে প্রাণ হারালেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে। রাতে শ্রীনগরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে বছর তেইশের ওই যুবকের।
পুলিশ জানায়, বদগাম জেলায় লারবালে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর উপর পাথর ছুড়ছিল উত্তেজিত জনতা। ওই এলাকার উপর দিয়েই শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার হাইওয়েটি পড়ে। চেন্নাইয়ের বাসিন্দা আর ত্রুমানি পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন। তাঁরা একটি ট্যাভেরা গাড়িতে শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছিলেন। সেই সময় একটি পাথর এসে সোজা ত্রুমানির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত নটা নাগাদ হাসপাতালেই মৃ্ত্যু হয় ওই যুবকের।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের অশান্তি নতুন ঘটনা নয়। তবে পাথর ছোড়াছুড়ির মধ্যে পড়ে পর্যটকের এ ভাবে মৃত্যু আগে কখনও হয়নি। এই ঘটনায় কাশ্মীরের পর্যটন আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।