
প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 April 2025 23:26
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে। উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের। ধুলিয়ান-সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জ-সহ একাধিক জায়গায় ঝামেলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে পথে নামছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রয়েছে বিএসএফও। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
আছেন এডিজি সিদ্ধি নাথ গুপ্তা, বিনিত গোয়েল-সহ অন্যান্যরা। রাতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আজই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। তিনি পুরো বিষয়টি বিবরণ শুনে রাজ্য প্রশাসনকে কিছু নির্দেশও দিয়েছেন। ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে বৈঠকে। এদিকে রাজ্য পুলিশের ডিজির তরফে জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় ৮ এপ্রিল থেকে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়ায়। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ এই আইনের তীব্র বিরোধিতা করেন। সেই সূত্রেই শুক্রবার ও শনিবার দফায় দফায় অশান্তি ছড়ায় মুর্শিদাবাদে। শনিবার হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। তখনই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।