দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষের রাজ্য রাজনীতি বেশ কিছু দিন ধরেই উত্তাল। 'সোনার ফসল ফলায় যে তার'ই দুবেলা ভাত জোটে না! এই রকমই অভিযোগ দেশের বেশিরভাগ কৃষকের। তাঁরা তাঁদের হকের দাবিতে লড়াই করছেন। কয়েক মাস রাজধানীর বুকে প্রতিবাদ-বিক্ষোভের পরে গতকাল, ২৬ জানুয়ারি তাঁরা দিল্লিতে লালকেল্লা অভিযান করেন ট্র্যাক্টর মিছিল করে। আর এই নিয়েই আরও একবার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। হিংসার বিরুদ্ধে নিন্দা করা হলেও, কৃষকদের হয়ে, তাঁদের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ, বাদ যাননি টলিপাড়ার সেলেবরাও।
কিছুদিন ধরেই রামের নাম ভালবেসে বলার কথা বলেন অভিনেত্রী সায়নী ঘোষ, আর এর পর থেকেই রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে চর্চা শুরু হয় জোরকদমে। সেই সায়নী এবার পাশে দাঁড়ালেন কৃষকদের, পূর্ণ সমর্থন জানালেন আন্দোলনকে। সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টরের ছবি পোস্ট করেন, যা অনেকটাই ইঙ্গিতবহ। এছাড়াও লেখেন, "ওহ ইন্ডিয়া… নো ইন্ডিয়া! গর্ব না কলঙ্ক সেটাই প্রশ্ন!"
https://twitter.com/sayani06/status/1354014427704553478
অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন বর্তমান অবস্থা নিয়ে। দিল্লির আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে তিনি লেখেন, "সাধারণতন্ত্র দিবসের এই দৃশ্য আমার মন ভেঙে দিয়েছে! যাঁরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই ও বোনেদের উপর নির্মমভাবে আক্রমণ করেছে নরেন্দ্র মোদি সরকার! আজ সারা বিশ্বের নজরে আমরা, এটা বন্ধ হওয়া প্রয়োজন।" তিনি সোজাসুজি ভাবে আঙুল তোলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
https://twitter.com/nusratchirps/status/1354021054637772801
পরিস্থিতি সম্পর্কে মুখ খুলেছেন টলিপাড়ার অন্যতম ব্লোড লেডি স্বস্তিকা মুখার্জীও। তিনি লেখেন, "শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিরোধ, গণপিটুনির সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি এবং মেনে নেওয়া সমস্ত কিছু আমার মাথার ভিতরে যেন ভেঙে পড়ছে! তবুও সাধারণতন্ত্র। আর কবে আমরা জেগে উঠব?"
https://twitter.com/swastika24/status/1354035305104482311
অনির্বাণ ভট্টাচার্য, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। সকলেই তাঁকে শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য ভালবাসেন না, তাঁর ব্যক্তিত্ব ও ঠোঁটকাটা কথাবার্তার জন্যও তিনি যথেষ্টই জনপ্রিয়। এই প্রজাতন্ত্র দিবসে, দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে লালকেল্লা অভিযানের ছবি তিনি পোস্ট করেন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে। সেই সঙ্গেই ক্যাপশনে লেখেন, "শুভ প্রজাতন্ত্র দিবস।"
https://twitter.com/AnirbanSpeaketh/status/1354023641545986050
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে দেশের অবস্থা নিয়ে নেতা থেকে অভিনেতা সকলেই চিন্তিত। সকলেই নিজের নিজের মনের ভাব ব্যক্ত করছেন! তবে এর মাঝেও সায়নী, দেবলীনার মতো অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হয়তো এরপর আর প্রকাশ্যে কথা বলা যাবে না। ব্যাহত হবে বাক্ স্বাধীনতার মৌলিক অধিকার! তবে যাঁরা সোনার ফসল ফলিয়ে মুখে অন্ন তুলে দেন, তাঁদের পাশেই রয়েছেন টলিপাড়ার একাংশ তা স্পষ্ট হয়ে গেছে টুইট থেকেই।