দ্য ওয়াল ব্যুরো : এনআরসি ইস্যুতে সরকারের পক্ষ নেওয়ার জন্য অভিনেতা অনুপম খেরকে অপর বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ তীব্র সমালোচনা করেছিলেন বুধবার। তিনি বলেন, অনুপম খের একটা চামচা। তার রক্তেই আছে চামচাগিরি। তিনি একটা ক্লাউন। এই মন্তব্যকে কার্যত উড়িয়ে দিয়ে অনুপম খের বললেন, নাসিরুদ্দিন নেশার ঘোরে ওইসব কথা বলেছেন। দীর্ঘদিন ধরে নেশা করে করে তাঁর মাথাটা গিয়েছে।
অনুপমের বক্তব্য, ৬৯ বছর বয়সী অভিনেতা নাসিরুদ্দিন এর আগে বলিউডের আরও অনেক সেলিব্রিটির সমালোচনা করেছেন। তাঁদের মধ্যে আছেন, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শাহরুখ খান ও বিরাট কোহলি। এবার নাসিরুদ্দিন সমালোচনা করলেন অনুপমেরও। সেজন্য তিনি গর্ব অনুভব করছেন। নাসিরুদ্দিন এযাবৎ যাঁদের সমালোচনা করেছেন, কেউ তাঁর কথা সিরিয়াসলি নেননি। কারণ সকলেই জানেন, নাসিরুদ্দিন সুস্থ মস্তিষ্কে একথা বলছেন না। বছরের পর বছর তিনি নেশা করছেন। নেশার দ্রব্যগুলি তাঁর ভালমন্দ বোধকে নষ্ট করে দিয়েছে।
বুধবার বিকালে অনুপম টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন। তাতেই তিনি একথা বলেন।
নাসিরুদ্দিন বলেছিলেন, “অনুপম খেরের মতো কেউ কেউ খুব গলা ফাটাচ্ছেন। আমি মনে করি, তাঁর কথা সিরিয়াসলি নেওয়া উচিত নয়। তিনি একজন ক্লাউন। এনএফডি এবং এফটিআইআই-তে যাঁরা তাঁর সহকর্মী ছিলেন, সকলেই একথা বলবেন। তাঁর স্বভাবই হল ক্ষমতাবানদের চামচাগিরি করা। এই ব্যাপারটা তাঁর রক্তে আছে। তিনি চেষ্টা করলেও এই স্বভাব বদলাতে পারবেন না।”
কিছুদিন আগে জেএনইউতে আক্রান্ত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা নিয়ে বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নাসিরুদ্দিন জোর গলায় দীপিকাকে সমর্থন করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীপিকা যা করেছে, তাতে তার সাহসের পরিচয় পাওয়া যায়।
তাঁর কথায়, “দীপিকা বলিউদের প্রথম সারির নায়িকা। কিন্তু তার পরেও সে যে পদক্ষেপ নিয়েছে, তাতে তার প্রশংসা করতেই হয়। এতে তার অনেক ক্ষতি হতে পারে।” পরে তিনি বলেন, এই ক্ষতি সাময়িক। তাঁর কথায়, “সে হয়তো কয়েকটি বিজ্ঞাপনে কাজ পাবে না। তাতে কি সে গরিব হয়ে যাবে? তার জনপ্রিয়তা কমে যাবে? তার সৌন্দর্য কমে যাবে। কিছুদিন বাদেই লোক সব ভুলে যাবে। বলিউড শুধু একটা জিনিসই চেনে। তা হল টাকা।”
কয়েক বছর আগে নাসিরুদ্দিন বলেছিলেন, এদেশে তিনি সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। কাল যদি আমার সন্তানদের মানুষ ঘিরে ধরে জিজ্ঞাসা করে, তোমরা হিন্দু না মুসলমান? তারা তো জবাবই দিতে পারবে না। অভিনেতার এই মন্তব্যের পরে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়।