
শেষ আপডেট: 23 March 2023 04:22
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। মুসলিম (Muslim) মন পেতে উত্তরপ্রদেশের বিজেপি রমজানের এই এক মাসকেই বেছে নিয়েছে। যোগী আদিত্যনাথের রাজ্যের বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের ভাষণ নিয়ে দেড়শো পাতার একটি বই প্রকাশ করেছে। তাতে বাছাই করা যে ১২টি ভাষণ স্থান পেয়েছে সেগুলিতে মুসলিম সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভাবনার কথা আছে। উর্দিতে ছাপা বইটির নাম ‘উজির-ই-আজম জনাব নরেন্দ্র মোদী কে মন কি বাত।’ উর্দুতে উজির-ই-আজম অর্থ হল প্রধানমন্ত্রী।
মোদী-অমিত শাহদের সময়ে বিজেপি সংখ্যালঘুদের উৎসব-অনুষ্ঠান থেকে বিজেপি এতদিন মোটের উপর দূরত্ব বজায় রেখেই চলেছে। ২০১৪-র পর দলের নেতা-মন্ত্রীদের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন বন্ধ হয়ে গিয়েছে। সেই দল রমজান মাসকে ‘মুসলিম জোড়ো’-র মতো কর্মসূচির (Modi trick) জন্য বেছে নেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আসলে ২০২৪-এর লোকসভা ভোটে চারশোর বেশি আসন পাওয়ার লক্ষ্য পূরণে বিজেপি নতুন নতুন পথ অনুসন্ধান করা শুরু করেছে। ৮০টি লোকসভা আসনের রাজ্য উত্তরপ্রদেশে তাদের এই সক্রান্ত উদ্যোগ তুলনায় বেশি। গত সপ্তাহেই যোগী সরকার পুরসভায় অন্যান্য অনুন্নত শ্রেণির জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছে। দলের গা থেকে উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদী পার্টির তকমা ঝেড়ে ফেলতেই এই সিদ্ধান্ত।

মুসলিমদের কাছে টানতে গত এক বছর ধরেই নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। বিশেষ করে গত বছর মার্চে বিধানসভা ভোটের পর থেকে পদ্ম-শিবিরের নেতা-মন্ত্রীরা মুসলিম বহুল এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও দলকে বলেছেন, সব ধর্মের গরিব মানুষের মধ্যে দলের প্রভাব বাড়াতে হবে। সেই মতো পছমন্দা অর্থাৎ দরিদ্রতম মুসলিমদের নিয়ে সম্নেলন করেছে উত্তরপ্রদেশের পার্টি।
তারা মনে করছে মুসলিম মন পেতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর কথাও যাদুকাঠির কাজ করতে পারে। দলের সমীক্ষায় উঠে এসেছে, মুসলিমদের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে আগ্রহ প্রায় নেই। ফলে ধানমন্ত্রীর বিভিন্ন সময়ে মুসলিম সমাজের উন্নতির বিষয়ে যে সব কথা বলেছেন, ওই সমাজের সাধারণ মানুষেরও তা অজানা থেকে গিয়েছে।
বিজেপি সূত্রের খবর, পবিত্র রমজান মাসে বড় অনুষ্ঠানের আয়োজন করে মোদীর ‘মন কি বাত’-এর ভাষণের বইটি প্রকাশ করা হবে। তারপর রাজ্যের ৮০টি লোকসভা আসন এলাকায় সেই বই বিলি করা হবে।
তবে দলের মূল টার্গেট মুসলিম বহুল ১৬টি লোকসভা আসন যেখানে ২০১৯-এ দল হেরেছে। আসলে বিজেপি বুঝেছে, রাজ্যের জনসংখ্যার ২০ শতাংশ বা পাঁচ কোটি মুসলিমকে দূরে ঠেলে রেখে ২০২৪-এ দিল্লির কুর্সি দখলে রাখা সহজ হবে না। তাই রমজান মাসকেই মুসলিম মন পেতে বেছে নিয়েছে তারা। বিজেপির নেতা-মন্ত্রীরা এবার ইফতার পার্টিরও আয়োজন করেন কিনা সেটাই দেখার।
‘মোদী’ পদবি নিয়ে টিপ্পনী, রাহুলের বিরুদ্ধে মামলায় গুজরাতের আদালতের রায় আজ