
শেষ আপডেট: 27 March 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ।
বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে টিএমসিপির ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান। সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা।
এদিন বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংও ডাকা হয়। যদিও ওই মিটিংয়ের জন্য রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে কোনও অনুমোদন দেওয়া হয়নি। স্থায়ী উপাচার্য নেই, তাই সমাবর্তন অনুষ্ঠান না করার জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়। তবে অনুমোদন না মিললেও যে বুধবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান এবং কোর্ট মিটিং হবে, তা মঙ্গলবারই পরিষ্কার হয়ে গিয়েছিল।
এদিনের সমাবর্তন অনুষ্ঠানের আগে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। সমাবর্তনের বিরোধিতা করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের একাংশ। এরপর রাজ্যপালের কনভয় প্রবেশ করতেই কালো পতাকা দেখিয়ে স্লোগান তোলেন তাঁরা। সমাবর্তনে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি, সেই প্রশ্ন তুলেই রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়।