
কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভ।
শেষ আপডেট: 2 August 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: উপাচার্যের বিরুদ্ধে বেআইনিভাবে সিন্ডিকেট করে একাধিক পদক্ষেপ নেওয়ার অভিযোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। এই অভিযোগে এদিন উপাচার্যর ঘরে তালাও লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।
তৃণমূল ছাত্র পরিষদ সদস্য অভিরূপ চক্রবর্তীর অভিযোগ, "রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অন্ধকারে রেখে উপাচার্য শান্তা দত্ত সিন্ডিকেটের একাধিক বৈঠক করছেন। নিজের মতো করে অনেক সিদ্ধান্ত পাস করিয়ে নিচ্ছেন। যা উচ্চশিক্ষা দফতরের নিয়ম বহির্ভূত এবং অবৈধ। সেকারণেই এই প্রতিবাদ জানানো হচ্ছে।"
প্রসঙ্গত, রাজ্যপালের নির্দেশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন শান্তা দত্ত। তাঁর বিরুদ্ধে আগেও বিশ্বদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক করার অভিযোগ এনেছিল টিএমসিপি।
সূত্রের খবর, এদিন দুপুরে উপাচার্যর কক্ষে ফের সিন্ডিকেট বৈঠক হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরেই প্রথমে উপাচার্যর রুমের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে উপাচার্যর রুমেও তালাও লাগিয়ে দেন আন্দোলনকারীরা। তবে এ ব্যাপারে উপাচার্য বা কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।