
শেষ আপডেট: 25 December 2023 19:33
দ্য ওয়াল ব্যুরো: 'গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে...', স্বামী বিবেকানন্দের এই উক্তি নিয়ে রবিবার সরগরম ছিল বঙ্গ রাজনীতি। রবিবার ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল টেনে এনেছিলেন বিবেকানন্দকে। আর তৃণমূলকে জবাব দিতে গিয়ে 'বেফাঁস' মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলার শাসক দল ইতিমধ্যেই সুকান্তকে ক্ষমা চাইতে হবে এমনই দাবি তুলেছে। মঙ্গলবার সুকান্তর মন্তব্যের প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস!
রবিবার ব্রিগেডে গিয়ে সুকান্ত বলেছিলেন, 'বাংলা দীর্ঘদিন ধরে সনাতন ধর্ম ও ভক্তি আন্দোলনের পীঠস্থান। তবে মাঝে বামপন্থীদের আন্দোলনের কারণে বাংলা কিছুটা বেসামাল হয়ে গিয়েছিল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা বলছেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা ভাল, তারা বামপন্থী প্রোডাক্ট।'
সুকান্তর এই মন্তব্য ভালভাবে নেয়নি তৃণমূল। বিকেলে সাংবাদিক সম্মেলন করে বাংলার শাসক দল দাবি করে, স্বামীজীর বাণীর অপব্যাখ্যা করে তাঁকে অপমান করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শাসক দল তৃণমূলের তরফ থেকে সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। তাঁকে এই বক্তব্যের জন্য ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিল ঘাসফুল শিবির।
সোমবার বিকেল পর্যন্ত এই বিষয়ে বিজেপির তরফে কোনও বক্তব্য মেলেনি। তারপরই যুব তৃণমূল পথে নেমে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। তাদের বক্তব্য, অমিত শাহ এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। জেলায় জেলায় সেই দাবিতে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। শুধু তাই নয়, ফুটবলও খেলা হবে।
উল্লেখ্য, সোমবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মঙ্গলবার বাংলায় অমিত শাহ আসছেন, তাই প্রতিবাদ কর্মসূচির জন্য ওইদিনই বেছে নিয়েছে তৃণমূল।