
শেষ আপডেট: 17 October 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
শুভেন্দু অধিকারী খেজুরিতে ঢুকলে তাঁকে কালো পতাকা দেখানোর নিদান দিলেন উত্তম। মঙ্গলবার খেজুরির কুঞ্জপুরে একটি যোগদান মেলার মঞ্চ থেকে এলাকার মানুষজনের উদ্দেশ্য উত্তমের পরামর্শ, “শুভেন্দু অধিকারী এলাকায় ঢুকলেই কালো পতাকা দেখান। চিৎকার করে ওঁর কাছে কৈফিয়ত চাইবেন- কেন ১০০ দিনের টাকা আটকে রেখেছো।”
ঘটনার সূত্রপাত, গত ১৪ অক্টোবর খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতার বিরুদ্ধে। অভিযোগ, খেজুরি থানায় দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়। যাতে নন্দীগ্রামের আদলে আন্দোলনের পরামর্শ দিয়ে দলের কর্মীদের উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘রাতে গ্রামে পুলিশ ঢুকলে শাঁখ বাজান। প্রয়োজনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাখুন।’ যদিও ওই ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
এদিনের অনুষ্ঠান থেকে ওই প্রসঙ্গ টেনে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, “আমরা বদলা নয়, বদল চায়, হিংসা নয়, উন্নয়ন চায়, এই নীতিতে বিশ্বাসী বলেই আমরা এখনও সংযত আছি। তবে উনি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। এটা বরদাস্ত করব না। তাই শুভেন্দু এবার থেকে এলাকায় ঢুকলেই মানুষ ওকে কালো পতাকা দেখাবে।”
তৃণমূল নেতার এমন প্রতিক্রিয়াকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে যুযুধান দুই রাজনৈতিক দলের হুঁশিয়ারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। সূত্রের খবর, ইতিমধ্যে জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে খেজুরি থানায। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানায় জল কামানেরও ব্যবস্থা করা হচ্ছে।