
শেষ আপডেট: 12 December 2023 18:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শহিদ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় উল্টে গেল তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই বাস। ওই বাসে কয়েকজন শিশু সমেত ৫০জন যাত্রী ছিলেন।
কাঁকসার বাসুদেবপুরে শহিদ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। পানাগড় থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে করে ৫০ জনের বেশি তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে যাওয়া হচ্ছিল সমাবেশে যোগ দিতে।
শিবপুরের দিক থেকে বাসুদেবপুর যাওয়ার পথে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সবজি চাষের জমিতে উল্টে যায়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা দুর্ঘটনা দেখে ছুটে আসেন আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে।
ড্রাইভারের দিকের দরজা খুলে একে একে যাত্রীদের উদ্ধার করা হয়। শিশুগুলিকে জানলা দিয়ে বের করে আনা হয়। বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছয়। সমস্ত যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে নিরাপদে বের করে আনা হয়েছে।