
শেষ আপডেট: 1 December 2023 08:30
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা্ কেন্দ্র এলাকার একটি সমবায় নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হল তৃণমূল। লোকসভা ভোটের আগে এই জয় এলাকার কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বর।
তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মোট আসন ৪৬। বৃহস্পতিবার ছিল নির্বাচন। ফল প্রকাশ হতে দেখা যায়, তৃণমূল ৩৬টি আসনে জিতেছে এবং বিজেপি পেয়েছে মাত্র ১০টি আসন। জয়ের আনন্দে সবুজ আবিরে মেতে ওঠেন কর্মীরা।
গত বুধবার ধর্মতলার সভা থেকে ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের দাবি, ধর্মতলায় অমিত শাহের সভায় পূর্ব মেদিনীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ গিয়েছিলেন। এই জেলাতেই বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বছর ঘুরলেই লোকসভা। এমন আবহে সমবায় নির্বাচনে শাসকদলের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বর দাবি, বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তাঁদের ব্যাখ্যা্, সমবায় নির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাছাড়া সংশ্লিষ্ট সমবায়ে এবারেই বিজেপি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফলে মানুষের সমর্থন না থাকলে এই ১০ টি আসনেও জয় সম্ভব হত না।