
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 April 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ও সিপিএমের ষড়যন্ত্রের ফলে বাংলায় ২৬ হাজার জনের চাকরি চলে গেছে (SSC Case Verdict)। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর সেই ইস্যুতেই এবার পথে নামতে চলেছে শাসক শিবির। চলতি সপ্তাহেই প্রতিবাদ মিছিলের (Rally) ডাক দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল, বুধবার দলের ছাত্র-যুবরা কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবে। বেলা ৩টে থেকে এই মিছিল হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলেই শেষ নয়। এরপর প্রত্যেক জেলা, ব্লক, ওয়ার্ডে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল সংঘটিত হবে আগামী ১১ এপ্রিল, শুক্রবার।
সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের একটি সভা ছিল। তাতে যোগ দিয়ে রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, তিনি বেঁচে থাকলে যোগ্যদের চাকরি যাবে না। এমনকী তাঁদের কাছে 'এ-বি-সি-ডি প্ল্যান' তৈরি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে কে যোগ্য কে অযোগ্য। রাজ্য সরকারকেও সেই বাছাবাছির দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন তথা ব্যাখ্যা চাওয়ার সুযোগ রয়েছে।
শুরু থেকেই এসএসসি মামলার ইস্যুতে বিজেপি-সিপিএমকে নিশানা করে আসছে শাসক দল তৃণমূল। সুপ্রিম কোর্টের রায়ের পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি আক্রমণ করেছিলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, ২৬ হাজার চাকরি বাতিলের দায় রাজ্যেরই। তাঁরাই দুর্নীতির মূল।
বিজেপির পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে, যোগ্য-অযোগ্য কারা তা রাজ্য সরকার জানে। কারণ এই দুর্নীতির মূল কাণ্ডারী সরকারই। টাকা নিয়ে চাকরি দেওয়া, ওএমআর শিট নষ্ট করা সবই হয়েছে সরকারের তত্ত্বাবধানে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য মনে করেন, সুপ্রিম কোর্ট সঠিক রায় দেয়নি। আর গোটা ঘটনার পিছনে বিজেপি-সিপিএমের যোগসাজস রয়েছে।
সোমবার নেতাজি ইনডোরের সভা থেকেও মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের কাছে সরকার ব্যাখ্যা চাইবে। একই সঙ্গে বলেন, যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই যা করার করবেন। কীভাবে তা করবেন তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।