
ফাইল ছবি।
শেষ আপডেট: 25 May 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: ভোটগ্রহণ কেন্দ্রের প্রহরায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। শনিবার ষষ্ঠ দফায় রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।
মেদিনীপুর এবং শালবনির দুটি এলাকায় ভোটারদের 'বিজেপিকে ভোট দানে'র জন্য প্রভাবিত করার অভিযোগ এনেছে তৃণমূল। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান লাইনে দাঁড়ানো ভোটারদের বিজেপির বোতামে ভোটদানের জন্য প্রভাবিত করেন বলে অভিযোগ।
খবর পেয়ে সংশ্লিষ্ট বুথে পৌঁছে বাহিনীর সেই জওয়ানকে চ্যালেঞ্জ করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। পরে এ ব্যাপারে কমিশনে লিখিত অভিযোগও জানিয়ছেন জুন।
একই অভিযোগ উঠেছে মেদিনীপুরের শালবনির মহিষলোট এলাকায়। সেখানকার একটি বুথেও বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বিজেপিতে ভোটদানের জন্য প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ।
পুরুলিয়ার রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। পুরুলিয়ার রঘুনাথপুর এলাকাটি বাঁকুড়া লোকসভার অন্তর্গত। বিষয়টি জানতে পেরে ওই বুথে পৌঁছন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ঘটনাকে ঘিরে বাহিনীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।
এদিকে একদা বামেদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত কেশপুরে ভোটের দিন সিপিএমের চারজন এজেন্টকে পার্টি অফিসের মধ্যে তালাবন্ধ করে আটকে রাখার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, পুলিশকে জানিয়েও লাভ হয়নি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও পুলিশ তাদের ভুল পথে পরিচালনা করছে বলেও কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম।
অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এদিন পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলে লুঙ্গি পরে ভোটের কাজ করার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বিষয়টি দেখতে পেয়ে ঘটনার প্রতিবাদ জানান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জোতির্ময় সিং মাহাতো। যদিও তৎক্ষণাও লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে নেন সংশ্লিষ্ট অফিসার। তাঁর ব্যাখ্যা, 'প্রচণ্ড গরম! তাই লুঙ্গি পরেছিলাম!'