
শেষ আপডেট: 28 March 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিলেন দেব ওরফে দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব বলেন, 'সৌজন্যতা আমার দুর্বলতা নয়।'
কয়েকদিন আগে পিংলায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে দেবেকে কড়া ভাষায় আক্রমণ করেন হিরণ। বলেন, 'দীপক অধিকারী তুমি গুলি চালিয়ে, বোমা মেরে ২০১৪ আর ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছো। ২০২৪-এ খুন করে হাতে রক্ত মেখে ভোট জিততে চাইছ।' নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার তৃণমূলের এই তারকা প্রার্থীকে আক্রমণ করেছেন বিজেপির প্রার্থী হিরণ। বৃহস্পতিবার ঘাটালে প্রচারের পরে একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন দেব।
তিনি বলেন, ''সৌজন্যতা আমার দুর্বলতা নয়। বারবার হিরণ যেভাবে আক্রমণ করছে, এত নীচে নেমে কোনওদিন ঘাটালে ভোট জেতা সম্ভব নয়। ভোটে জিততে গেলে ভালোবাসা দিয়ে জিততে হবে।''
দেব জানান, বিজেপি নেত্রী ভারতী ঘোষ ছিলেন তাঁর সব থেকে কঠিন প্রতিপক্ষ। কিন্তু সেই সময়েও বিজেপি নেত্রী তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। দেবের দাবি, হিরণ ও তিনি অভিনয় জগতে সমসাময়িক। তিনি একটা উচ্চতায় পৌঁছে গেলেও হিরণ তা পারেননি। এবার রাজনীতির ময়দানে নেমে তারই প্রতিশোধ নিতে চাইছেন।
রাজনীতিতে প্রতিপক্ষকে কু-মন্তব্য করা নিয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা শুধু প্রার্থীর দোষ নয়, এসব মন্তব্যের দায় মিডিয়া ও ভোটারদেরও। কারণ ব্যাখ্যা করে দেবের দাবি, হেডলাইন করার জন্য মিডিয়া এই সব মন্তব্যকে ব্যবহার করছে। এর ফলে সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছে। এই সব প্রার্থীকে ভোট দেওয়া বন্ধ করে দিলে এমন কথা আর কেউ বলার সাহস পাবে না।